এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  আলোচনা  বিবিধ

  • সাজানো ঘটনা, প্রত্যক্ষদর্শীর চোখে

    জিগীষা ভট্টাচার্য লেখকের গ্রাহক হোন
    আলোচনা | বিবিধ | ১২ এপ্রিল ২০১৩ | ৫০৭২ বার পঠিত
  • এটা কে আপনারা কেন এত বড় করে তুলছেন জানি না, এটা তুচ্ছ ঘটনা, আর দিল্লি তে যা হয়েছে তারপর এরকম হয়ে থাকতেই পারে। দিল্লিতে এস এফ আই-এর বিক্ষোভের মুখে মাননীয় প্রাক্তন প্রেসিডেন্সিয়ান অমিত মিত্র যদি পড়েন, তাঁর গায়ে যদি হাত পড়ে, তো তার জের প্রেসিডেন্সি পড়বে না তো কোথায় পড়বে? স্বতঃস্ফূর্ততা বলে একটা ব্যাপার আছে তো নাকি!

    আর টি এম সি পি-র প্রধান মাননীয় শঙ্কুদেব পাণ্ডা মহাশয় তো বলেই দিয়েছেন যে ওনারা ‘গান্ধীজীর পায়ের তলায় বসে অহিংস পথে আন্দোলন’ করছেন। অহিংস আন্দোলন চলবে আর প্রচারে প্রেসিডেন্সি যাওয়া হবে না ? করা যায় নাকি!
    নিন্দুকে ওরকম বলবে, বলবে যে প্রেসিডেন্সিতে বন্ধ গেটের তালা গ্যাস কাটার দিয়ে কাটা হয়েছে, বলবে যে তাই পরেরদিন অর্থাৎ, ১১ তারিখ থেকে একটা ব্র্যান্ড নিউ গোদরেজের তালা শোভা পাচ্ছে ! বলবে ছুরি, বর্শা(!) নিয়ে লোকজন এসেছিল, বলবে সাধারণ ছাত্রছাত্রীদের মারা হয়েছে, বলবে সামনে যে মহিলাকে পেয়েছে তাকেই তাড়া করেছে, বলেছে ধর্ষণ করবে। বলবে মহিলা ডিন অফ স্টুডেন্টস কে তাড়া করেছে গুণ্ডারা, ওনাকে আড়াল করে থাকা ছাত্রছাত্রীদের বলেছে ‘মাগি’ টাকে বের করে দিতে, ওরা ধর্ষণ করবে। বলবে শতাব্দী প্রাচীন বেকার ল্যাবরেটরির যন্ত্রপাতি ভাংচুর করেছে, বলবে দরজা জানলা ভেঙে দেওয়া হয়েছে। বলবে জগদিশ্চন্দ্রের বেকার ল্যাব,প্রফুল্লচন্দ্রের বেকার ল্যাব, মেঘনাদ সাহার বেকার ল্যাব তছনছ করা হয়েছে। কিছু নিন্দুকে এও বলতে পারে, প্রেসিডেন্সির প্রাক্তন অধ্যাপকের বিশেষ ক্লাসে ঢুকে ছাত্রছাত্রীদের ওপর হামলা হয়েছে এবং সেই অধ্যাপক বাধা দিতে এলে তাকেও ধাক্কাধাক্কি করা হয়েছে। বলবে পুলিশ সামনে ছিল, তাও কিছু করে নি, কারণ তাদের কিছু করার ‘অর্ডার’ ছিল না(নাকি অর্ডার ছিল, কিছু না করার?), বলবে ভাঙা গেটের সামনে ছাত্রছাত্রীদের ব্যারিকেডে দাঁড়ানো মহিলাদের সবাইকে ক্যাম্পাসের বাইরে রেপ করার হুমকি দেওয়া হয়েছে? বলবে ওরা টি এম সি পি-র ফ্ল্যাগ নিয়ে মিছিল করছিলো, বলবে ওরা ‘ফ্রাসট্রেটেড এস এফ আই’(ডেরেক উবাচ) নয়, কারণ তৃনমূলের কাউন্সিলর পার্থ বসু টিভি ফুটেজে প্রকট ভাবে দৃশ্যমান যেখানে তিনি প্রেসিডেন্সির বন্ধ গেট ধরে ঝাঁকানোর ভঙ্গীতে শোভা পাচ্ছেন।

    কিন্তু, আসল ব্যাপারটা মোটেই এরকম নয়, এই ‘অহিংস’ ঘটনা ঘটার দিন বিকেলে প্রেসিডেন্সির বন্ধ গেটের বাইরে সাধন পাণ্ডে মহাশয়ের নেতৃত্বাধীন জনসভার বক্তব্য থেকে আসল ব্যাপার পরিস্ফুট হয়। ‘চক্রান্ত’-এর অন্ধকার কেটে আলোর দ্যাখা পান ডিরোজিয়ানরা এবং অন্যান্য মূঢ় ব্যক্তিবর্গ। আসলে তৃনমূল ছাত্র পরিষদের শান্তিপূর্ণ মিছিলে প্রেসিডেন্সি থেকে বেরিয়ে ছাত্রছাত্রীরা হামলা করে, যে জন্য মিছিলে উপস্থিত লোকজন বাধা দিতে বাধ্য হন। যে কারণে পরের দিন প্রেসিডেন্সির হাজারে হাজারে ছাত্রছাত্রী-শিক্ষক-কর্মচারী-প্রাক্তনী যখন পথে নামেন, তখন প্রেসিডেন্সির ছাত্র দেবর্ষি চক্রবর্তী এবং প্রেসিডেন্সি প্রাক্তনী ছন্দক চ্যাটারজির বিরুদ্ধে এফ আই আর দায়ের করে টি এম সি পি, ১৪৭, ১৪৮ ও ১৪৯ নং ধারায়, দাঙ্গা বাধানো এবং উত্তেজনা ছড়ানোর অভিযোগে। এই দেবর্ষি চক্রবর্তী আগেরদিন হাসপাতালে গেছিলেন আহত হয়ে ? ও সে তো নিজেদের মধ্যে মারামারি করতে গিয়ে লেগে গেছিল। আরেকজন ছাত্রকেও হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল না? ওরা দুজন নিজেদের মধ্যে মারামারি করছিল। সিম্পিল।

    যে বর্শা পাওয়া গেছে ওটা নিয়ে ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই পরের বছরের স্পোর্টসএর প্র্যাকটিস করছিল, যে কাচ ভেঙ্গেছে সেটা মাঠের উঁচু বেড়া এড়িয়ে ক্যাম্বিস বল লেগে হয়ে থাকতে পারে, ডিন ম্যামকে তাড়া করার ঘটনা স্রেফ ‘সাজানো’, ভিসি বলছেন লোকজন টি এম সি পির ফ্ল্যাগ নিয়ে এসছিল উনি দেখেছেন ? এক্ষুনি ওনার ‘ইতিহাস, ভূগোল’ খতিয়ে দেখতে হবে সুব্রতবাবুর নির্দেশমতো, তাহলেই ওনার বক্তব্যের সত্যতা জলের মত পরিষ্কার!

    অথচ সেদিনের ঘটনার প্রত্যক্ষদর্শী অসংখ্য ছাত্রছাত্রী, কর্মচারী, শিক্ষক, পুস্তকবিক্রেতা। অথচ সেদিন ভাঙ্গা গেটে ছাত্রছাত্রীদের ব্যারিকেডের সামনে থেকে পিছু হটতে বাধ্য হল হামলাকারীরা। অথচ ঘটনার তীব্র নিন্দায় সমস্ত মিডিয়া (চ্যানেল টেন বাদে)। অথচ সে দিন ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হল ঘটনার পর। অথচ পরেরদিন পথে নামলেন হাজার হাজার লোক। মিছিলে পা মেলালেন অরুণাভ ঘোষ, রতন খাসনবিশ, অসীম চট্টোপাধ্যায় সহ রেজিস্ট্রার, ডিন, ভিসি সহ প্রেসিডেন্সির অসংখ্য প্রাক্তনী। আই সি-এস এফ আই-অরাজনৈতিক দলাদলি ভুলে প্রেসিডেন্সির সম্মিলিত চেহারা দেখল কলকাতাবাসী। দুজন নিরপরাধ ছাত্রের বিরুদ্ধে মামলা আনায় ধিক্কারে ফেটে পড়ল সবাই। মাননীয়া মুখ্যমন্ত্রীর সাধের প্রেসিডেন্সি, সেন্টার অফ এক্সেলেন্সের পথিক প্রেসিডেন্সিতেই তাণ্ডব ওনার সংগঠনের ছাত্রশাখার। যেখানে সমস্ত ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত করাই ওনার একমাত্র লক্ষ্য(একই দাবি মাননীয় ব্রাত্য বসুরও) সেখানে এই ঘটনা। আশ্চর্য, অমিত মিত্রের প্রেসিডেন্সি, ব্রাত্য বসুর প্রেসিডেন্সির দু’শ বছরের রাজনৈতিক ইতিহাসে বহিরাগত ছাত্রদের(পড়ুন ত্রিশোর্ধ লোকজন) আক্রমণের ঘটনা প্রায় নেই বললেই চলে। মিছিলের পরে রাজ্যপালকে জমা দেওয়া ডেপুটেশনের প্রেক্ষিতে কলেজ পরিদর্শনে আসেন রাজ্যপাল। এখন এই একুশে আইনের বিরুদ্ধে প্রেসিডেন্সির লড়াই। আসলে, প্রেসিডেন্সি তো শিক্ষা দেয়, আঘাত যদি নেমেই আসে পাল্টা আঘাত ফিরিয়ে দাও।

    ----------------------------------------------------------------------------------------

    লেখিকা প্রেসিডেন্সির ছাত্রী, গত পরশুর ভাঙচুরের প্রত্যক্ষদর্শী।


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • আলোচনা | ১২ এপ্রিল ২০১৩ | ৫০৭২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Misty | ১২ এপ্রিল ২০১৩ ০৭:৫২76434
  • যারা এটা করেছে এবং সে সময় বা পরে সক্রিয়ভাবে সমর্থন করেছে তাদের উর্বর মস্তিস্কে কোনদিন কি ঢুকবে যে তারা কি সর্বনাশ করেছে? আমরা যতই লিখি না কেন বা আদালত যদি আদৌ এদের শাস্তিও দেয় কখনো -তাহলেও এই মাত্সন্যায় কোনদিন থামবেনা। ।।ঘোলা জল থেকে উঠে আসার চেষ্টায় আমরা চোরাবালিতে তলিয়ে যাচ্ছি শেষমেষ
  • কৃশানু | ১২ এপ্রিল ২০১৩ ০৮:২৬76435
  • লেখিকার সাহসকে সম্মান।
  • Koumi Dutta | ১২ এপ্রিল ২০১৩ ০৯:৩৫76436
  • পাপ্পু দা আমাদের gatekeeper কে রত১০।৩০ নাগাদ provocation এর false allegation নিয়ে পুলিশ তুলতে এল হোস্টেল এর ছেলেরা রা বাধা দেয় আ র রেজিস্ট্রার এর সহায়তায় আজ রাতের বদলে কাল সকাল এ আসবে পুলিশ। উলুখাগড়া দের নিয়ে টানাটানি বন্ধ হোক, এই হেনেস্তার প্রতিবাদে কাল জমায়েত প্রেসিডেন্সি তে সকাল 10ta
  • ananyo | ১২ এপ্রিল ২০১৩ ১০:২৭76437
  • এই ঘটনাতো নতুন নয়, হয়েই চলেছে; আর ছাত্রদের ওপর বর্বরতম আক্রমনের নিদর্শন আমরা দেখেছি গত বছরেই, যদিও হয় কলেজটা প্রেসিডেন্সি ও শহরটা কলকাতা ছিলনা বা ছেলেটি আমাদের তথাকথিত আলোকপ্রাপ্ত intelligentsia এর মধ্যে পরেনা বা বাঙালি না হয়ে marginalized আদিবাসী বলেই হয়ত ফেসবুক পোস্ট কম হয়েছিল বা কিছু মিছিলের কল সত্ত্বেও মিছিলগুলোতে হাটবার মত বা প্রতিক্রিয়া জানাবার মত ''শুভবুদ্ধিসম্পন্ন'' ''গণতন্ত্র প্রেমিক'' মানুষের টনক নড়েনি বা সেটাকে heinous crime বা brutal অন্স্লাউঘ্ত বলার প্রয়োজন মনে করেন নি।
    ঘটনাটা হয়েছিল 2012 তে ; ঝাড়গ্রাম কলেজ এর ছাত্র কমলেশ মাহাতো; JSF (jharkhand students' federation) এর সাধারণ সম্পাদক . TMC regime এর আগে cpm ও ওকে অনেক মেরেছিল, যাই হোক তো tmc regime আসবার পর ওকে বলা হয় tmcp join করতে। তো ও করেনি। তারপর ওকে এক বিয়ে বাড়ি থেকে ফেরার পথে তুলে নিয়ে গিয়ে বেদম পেটায়। senseless অবস্থায় ওকে থানায় নিয়ে যায়, তারপর false case দেয় যে সাথে 303 rifle পাওয়া গেছে, ছেলটির হাইট ৫ ফুট, আর যারা ৩০৩ দেখেছেন তারা জানেন সেটার ওজন ও উচ্চতা, যাই হোক। জেরা চলে টানা, তো custody তে টানা জেরার পর ফেনল এগিয়ে দেয় আর কমলেশ ফিনাইল খেয়ে suicide করতে যায় চাপ সহ্য করতে না পেরে। তবে জেল সুপার হয়ত ভালো মানুষ ছিলেন; জেল হাসপাতাল এ নিয়ে যায়; তবে ওখানে যখন বেডে রেখেছিল তখন হাতে হাতকড়া পরানো ছিল এই আশঙ্কায় যে ওই অবস্থায় নাকি ও ভেগে যাবে। ওকে দেখতে কলকাতার USDF নামক সংগঠনের কজন যায়, তো তাদেরও CRPF মাঝরাস্তায় হঠাত তুলে নিয়ে গিয়ে বন্দুকের বাঁট আর বুট জুতো দিয়ে মারে। যদিও পরে APDR এদের ছাড়িয়ে নিয়ে এসছিল, তবে ওরা মার খাওয়ার পর শেষমেষ গেছিল কমলেশকে দেখতে;যদিও আমরা কলকাতায় কোনো প্রতিবাদ মিছিলে যোগ দেওয়ার প্রয়োজনীয়তা আছে মনে করিনি, কারণ স্টার আনন্দ দেখায় নি তো--------
    নিচে একটা লিংক দিচ্ছি; ওতে DSU -JNU এর প্রতিবাদ পোস্টার সাথে খবরটা জানতে পেরে এক ইরানি কমিউনিস্ট ভদ্রলোকের কমলেশকে লেখা চিঠির অংশ আছে-
    http://toanewdawn.blogspot.in/2012/07/poem-from-iran-kamalesh-mahato-behrooz.html
  • Anirban RC | ১২ এপ্রিল ২০১৩ ১১:৩৪76438
  • একটা অক্ষম দূর্বলতায় মুখ থেকে শুধু বেরোয় - "প্রকৃত দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি হোক"। ।
    সাহসী লেখার জন্য ধন্যবাদ। ।
  • ranjan roy | ১৩ এপ্রিল ২০১৩ ০১:৫৬76447
  • জিগীষা, প্রিন্সিপাল, রেজিস্ট্রার, এবং সমস্ত অধ্যাপক- ছাত্রছাত্রীদের সেলাম, গুন্ডামির বিরুদ্ধে খোলাখুলি দাঁড়ানোর জন্যে।
    ইন্দ্রাণীর সঙ্গে একমত।
    sch,
    মালবিকা কেন সুব্রতর পর্য্যায়ে নামবেন? দুজনের ভূগোল-ইতিহাস যে আলাদা!
  • pi | ১৩ এপ্রিল ২০১৩ ০২:২০76448
  • অনন্য, কমলেশ মাহাতোর ঘটনা নিয়ে আরো বিস্তারিত চাই।
  • aranya | ১৩ এপ্রিল ২০১৩ ০২:২১76439
  • লেখিকা-কে কুর্ণিশ জানাচ্ছি অমিও, দরকারী এবং সাহসী লেখা।

    একটা অনুরোধ, লেখিকা এবং গুরু সম্পাদকমণ্ডলী-র কাছে। বুলবুলভাজার পলিটিকাল লেখাগুলো কি ছদ্মনামে বের করা যায়? ছদ্মনামে লিখলে লেখার ওজন কমে বলে মনে হয় না, কিন্তু লেখকের নিরাপত্তার ব্যাপারে একটা অতিরিক্ত সুরক্ষার স্তর থাকে।

    এই বাজারে, রাজনৈতিক প্রতিশোধ, আক্রমণের সম্ভাবনা প্রচুর। তাই একটু ভেবে দেখতে বলছি। শেষ পর্যন্ত অবশ্যই এটা লেখকের ব্যক্তিগত সিদ্ধান্ত।
  • sch | ১৩ এপ্রিল ২০১৩ ০২:৩৭76449
  • রঞ্জন-দা ঠিকই বলেছেন... ওই লেভেলে নিজেকে নামানো এনাদের পক্ষে সম্ভব না। সমস্যাটা আরো বেশী কোথায় জানেন? সুব্রতবাবু নাকি এক কালের ডাকসাইটে ছাত্র নেতা।

    পার্থ চট্টোপাধ্যায় আর সুব্রত র কথা শুনে একটাই চিন্তা করছিলাম পার্থ, সুব্রত আর ঋতব্রতকে ছাগলামির মানের ক্রমানুসারে সাজালে কে ওপরে থাকবে।

    দিল্লীর বাওয়ালি আর তার প্রত্যাশিত ব্যাকলাস কিছু স্বাভাবিক - কিন্তু প্রেসিডেন্সিতে যা হয়েছে তা কিন্তু অনেক অনেক সাঙ্ঘাতিক - পুলিশ নিষ্ক্রিয় থেকেছে "অর্ডার" নেই বলে। আজ একজন পুলিশের সামনে একটা খুব বা ধর্ষণ হলে পুলিশ বলবে অর্ডার নেই বলে কিছু করলাম না। কিসের অর্ডার????

    জিগীষা আমার কাছে কিন্তু একটাই প্রশ্ন? রাজ্যপাল যখন ক্ষমা চাইলেন - আপনারা কেন বললেন না সুব্রতকে প্রেসিডেন্সির গেটের বাইরে দাঁড়িয়ে ধুতি মাথায় তুলে হাত জোড় করে ক্ষমা চাইতে হবে ওনার মন্তব্যের জন্যে - নইলে অনির্দিষ্ট কালের জন্যে ক্লাস বয়কট।

    একবার ধাক্কা দিন এই লুম্পেনগুলোকে -- একবার - দেখবেন পরের বার থেকে কথা বলার আগে ভাববে
  • জিগীষা /আম | ১৩ এপ্রিল ২০১৩ ০৩:০০76450
  • sch, যাহ! তফাত থাকবে না? সুব্রতবাবু ওনার ক্লাস দেখিয়েছেন, আমরা আমাদের :)
    ইন্দ্রানি(দি?), আমি কিন্তু দিল্লিতে অমিত মিত্রের হেনস্থার ঘটনার সমর্থক নই একেবারেই।
    অরন্য(দা?) এটা তো আমি ভেবেই দেখিনি :'( যা শুরু করেছে এবার আমাকে যদি অ্যারেস্ট করে? পাই দি আমি ছদ্মনামে লিখুম :'( আমার যে গ্র্যাজুয়েট হতে এখনো দু বছর বাকি :'( জেল থেকে বেরিয়ে খামু কি? :'(
    বাকিদের, ধন্যবাদ, কিন্তু এটাতে আমার কোনও ক্রেডিট নেই, যা হয়েছে যে কেউ এভাবেই লিখে ফেলত :(
  • সুবীর বিশ্বাস | ১৩ এপ্রিল ২০১৩ ০৪:৩৭76452
  • রোজ যা ঘটছে, ফেসবুকে ও অন্যান্য জায়গায় লিখতে লিখতে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ছি, হাত ব্যাথা করছে। কিছু সিপিএম নেতার অপরিনত বুদ্ধি ও কান্ডের জন্য (যতই এরা নিজেদের সবজান্তা বা সব বিষয়ে বিজ্ঞ ভাবুক না কেন) সারা বাংলায় সাধারন মানুষ ও সাধারন বামপন্থীরা মার খাচ্ছে, মরছে। আগেও কিছু সর্বজ্ঞ সিপিএম নেতা-কর্মীর জন্য বামফ্রন্টের ভরাডুবি হয়েছে, এখনও তার কোনো পরিবর্তন হয়নি। বাংলার সাধারন মানুষ তার মাসুল গুনে যাচ্ছে।
    তৃনমূলের নেতা-কর্মীর অধিকাংশই অশিক্ষিত, যারা শিক্ষিত ও তৃনমূলের অর্থে লালিত গুণীজন তারাও তাদের শিক্ষা ও নীতিজ্ঞান বিসর্দেজন দেবে বলেই, তৃনমূলে নাম লিখিয়েছে। এরা কি বলছে আদৌ ভেবে বলে না। নাহলে শিক্ষামন্ত্রীর কখনো ইচ্ছে হয় যে উনি সিপিএমের ফ্ল্যাগ হাতে দৌড়বেন! উদ্ভট কল্পনা উদ্ভট মানুষদের।
  • Arin | ১৩ এপ্রিল ২০১৩ ০৫:১১76440
  • অরণ্যের পরামর্শটি সুচিন্তিত ও অত্যন্ত pragmatic। তবুও, আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় এমন একটা সাহসী, সোজাসাপ্টা লেখা ছদ্মনামের আড়ালে ঠিক শোভা পায় না বোধহয়; ছদ্মনামে লিখলে লেখার ওজন কমে না ঠিকই, কিন্তু নাম জানিয়ে লিখে রাখার মধ্যে একটা বেপরোয়া (ডরহীন) ব্যাপার আছে, যেটার প্রয়োজন আছে এখন, আমরা খুব চট করে ভয় পেয়ে যেন না যাই। নিজের নাম দিয়ে লেখাটির মধ্যে একটা মেসেজ পাঠানো যায় যে, এই যে কতগুলো ঘৃণ্য ভীতু ক্লীব, যাদের কাছে শিক্ষা প্রতিষ্ঠানের কোন মূল্য নেই, মানুষের সম্মান যারা করতে জানে না, যারা যখন তখন একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে তছনছ করার স্পর্ধা রাখে কিন্তু তারপর গুটিয়ে যায়, তারা কতদূর কি করতে পারে করুক, এদের ভয় পাবার কিছু নেই। কুকীর্তি ফাঁস করে দেওয়াটাও এক ধরণের বলিষ্ঠ প্রতিবাদ, এই জন্য জিগীষাকে প্রভূত সম্মান জানাই।
  • Du | ১৩ এপ্রিল ২০১৩ ০৫:৩৮76441
  • "মালবিকাদেবীর ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সবারই জানা" -সুব্রত মুখোপাধ্যায় সম্বন্ধে ধারনা তো ছিলই, তবুও কাগজে পড়ে থ হয়ে গেলাম। ধিক!
  • b | ১৩ এপ্রিল ২০১৩ ০৫:৪৯76442
  • দু, এটা খুব চেনা ছক। একজন এমপ্যাথী জানাবেন, আরেকজন বলবেন আইনের পথে আইন চলবে, আরেকজন উল্টে দোষারোপ করবেন, আরেকজন থ্রেট দেবেন ও অপমান করবেন। এবং সবটা একসাথে হবে। প্যাকেজ ডিল।
  • sch | ১৩ এপ্রিল ২০১৩ ০৮:১৪76443
  • মালবিকাদেবীও যে কেন বলেলনা "সুব্রতবাবুর ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, স্বাদ (ওই যে কামড়েছিল), রং,এবং ফলনশীলতা (তরমুজের ফলন এবার ভালো) আমাদের জানা" -- এনারা কেন যে এত ভদ্র হন
  • Blank | ১৩ এপ্রিল ২০১৩ ০৮:৩২76444
  • দরকারি লেখা। ভালো লাগলো।
  • Arin | ১৩ এপ্রিল ২০১৩ ১০:০৪76453
  • জিগীষা, বর্তমান সংবাদপত্রে প্রকাশিত এই রিপোর্ট টা কি তোমার নজরে এসেছে?

    http://www.bartamanpatrika.com/content/main1.htm
  • anirban basu | ১৩ এপ্রিল ২০১৩ ১০:৫৪76454
  • জিগীষাকে ধন্যবাদ খুব তাড়াতাড়ি এই লেখা দেওয়ার জন্য। অনন্য, আপনি যদি কমলেশের ঘটনাটা বিশদে বুবুভাতে লেখেন খুব ভালো হয়। আর দুঃখজনক হলেও এটাই সত্যি যে এইরকম ঘটনা কলকাতার অতটা-নাম-নেই এমন কলেজে, ও মফস্বল ও গ্রামের কলেজে প্রায়ই ঘটে, কোন মিডিয়া পাত্তা দেয় না, আর রাজ্যপালও ক্ষমা চান না।
  • indrani/ sydney | ১৩ এপ্রিল ২০১৩ ১২:২৯76445
  • সমস্ত ব্যাপার-ই-সে দিল্লির ধুতি ছেঁড়াই হোক, কি কলকাতায় প্রেসিডেন্সিতে ভাঙচুর-এক কথায় গুন্ডামি। গুন্ডামি বলছি যখন - কার ধুতি বা কোন কলেজ -এগুলো মাথায় রেখে বলছি না। কথা হোলো এই লেখাপত্র- কখনও যা বিবরণ, কখনও দোষারোপ, কখনও ' খিল্লি', কখনও নিছক গালাগালি, কখনও ধিক্কার- এ সমস্ত কিছুতেই সূক্ষ্ম ভাবে আমরা আর ওরা লুকিয়ে থাকছে।।অথচ এই গুন্ডামি, পরমত অসহিষ্ণুতা, ক্রোধ কোনো কিছুই আকাশ থেকে পড়ে না।। শঙ্খ ঘোষ বলেন, ".. বক্তাকে বুঝতে হবে যে তাঁর সেই "আমরা"র পরিসর যত ছোটো হয়ে আসবে, তাঁর দেশও হয়ে উঠবে ততটাই খন্ডিত। কথাটা এ নয় যে 'ওদের' 'আমরা' করে তুলতে হবে, বরং এই হবার কথা ছিল যে "ওরা" "আমরাই"।... আমরা-ওরার যে বিভাজনটা দূর করবারই দায়িত্ব ছিল আমাদের, ... সেটাকে হয়তো বা বাড়িয়েই চলেছি আমরা।"
  • Reshmi | ১৩ এপ্রিল ২০১৩ ১২:৪৯76446
  • ইন্দ্রাণীদি-র সঙ্গে সম্পূর্ণ সহমত। "এই গুন্ডামি, পরমত অসহিষ্ণুতা, ক্রোধ কোনো কিছুই আকাশ থেকে পড়ে না"- কি ভীষণ সত্যি।
  • Lama | ১৪ এপ্রিল ২০১৩ ০১:০৫76470
  • Sch এর সঙ্গে পুরোপুরি একমত।

    অধ্যাপক সোমক আর জিগীষা-র বক্তব্যের মধ্যে কোন পার্থক্য দেখতে পেলাম না।

    জিগীষার বক্তব্য থেকে 'আয় তোকে ধর্ষণ করি' মুছে দিলে, আর 'ল্যাবের যন্ত্রপাতি' কেটে 'কাচ আর চেয়ার' করে দিলে অপরাধের গুরুত্ব একটুখানি কমে যায় বুঝি?
  • জিগীষা | ১৪ এপ্রিল ২০১৩ ০১:৩২76471
  • সবাইকে ধন্যবাদ :)
    sch দা কেও :) একটা ছোট্ট তথ্য, কাল এইসময়ে বেরিয়েছে, তিরিশ চল্লিশ হাজার টাকার জিনিষ পত্রের ক্ষতি হয়েছে। এবার সেটা আমার ক্লাস টুয়েলভের বাংলা ইশকুলের ফিসিক্স ল্যাব দেখা বুদ্ধিতে কুলোয় নি, সেটা বড় ক্ষতি কিনা।
  • aranya | ১৪ এপ্রিল ২০১৩ ০২:১৩76472
  • আম্মো একমত, sch-এর বক্তব্যের সাথে। হ্যাটস অফ টু জিগীষা, রিয়ালি প্রাউড অব হার।
  • siki | ১৪ এপ্রিল ২০১৩ ০৩:৪৮76473
  • schএর সাথে একমত। জিগীষাকে অনেক অনেক অভিনন্দন এমন লেখা লেখার জন্য।
  • পুণ্যব্রত গুণ | ১৪ এপ্রিল ২০১৩ ০৪:০৯76474
  • জিগীশার সাহসিকতাকে সাবাশ। সাবাশ প্রেসিডেন্সির ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাদের।
    অনেক দিন পর সোজা শিরদাঁড়ার কিছু শিক্ষক-শিক্ষিকাদের দেখলাম।
  • কৃশানু | ১৪ এপ্রিল ২০১৩ ০৪:২৮76475
  • sch এর প্রতিটা কথায় সমর্থন। সোসেন ও মনে হয় ঠিক বলেছেন। লেখিকার সাহসের কথা তো আগেই বলেছি।
  • টুপু | ১৪ এপ্রিল ২০১৩ ০৫:১১76455
  • মাননীয়া লেখিকা নির্ঘাত সর্বজ্ঞানী। কিন্তু প্রেসিডেন্সির পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধানের বক্তব্যটা একটু শুনে নেওয়া যাক।

    ১) বেকার ল্যাবে ভাঙচুর সম্পর্কে - Contrary to what the 24hr TV channels have been looping, not much has been destroyed in the Physics department

    One of the hooligans broke all the glass panes of the front door, built two weeks ago. Then they turned right and entered the MSc lab, where students were working. They beat up the first student - he is badly hurt. One guest lecturer went to protect him and was hurt. Nobody had to be taken to hospital (the media tends to exaggerate). Then they managed to damage one instrument on the table and a couple of chairs (they did NOT ransack the department) . The collective presence of students and staff somewhat deterred them and they ran away.

    ২)আর ছাত্রদের হাসপাতালে নিয়ে যাওয়ার প্রসঙ্গ - Nobody had to be taken to hospital (the media tends to exaggerate).
  • টুপু | ১৪ এপ্রিল ২০১৩ ০৫:১৭76456
  • সোমক রায় চৌধুরীর প্রোফাইল লিঙ্ক-http://www.facebook.com/somak.raychaudhury?fref=টস

    বৃহস্পতিবার'।

    আর এই আয় আয় তোকে ধর্ষণ করব এরকম একটা প্রচার বাজারে চালালে মানুষে ভালো খায় বটে কিন্তু বাস্তবে শুনতে একটু খটমট লাগে।প্রেসি'র প্রাক্তনী ছন্দক ( প্রাক্তনী ওখানে কী করছিলেন জানি না,আমার জানার দরকার'ও নেই) বা এই সর্বজ্ঞানী লেখিকা এটা বাজারে বেশ খাওয়াচ্ছেন।সামনে উপস্থিত থাকা অধ্যাপক'রা সব কিছু বলছেন কিন্তু এটা কে বেশ দৃষ্টিকটূ ভাবে এড়িয়ে যাচ্ছেন।

    ধিক্কার!!!
  • টুপু | ১৪ এপ্রিল ২০১৩ ০৫:২১76457
  • সোমক বাবু'র প্রোফাইল লিঙ্কটা আবার দিলাম

    http://www.facebook.com/somak.raychaudhury?fref=ts

    আরও সামান্য কিছু প্রশ্ন এখানেও করা হয়েছে।
    ১) প্রেসি'র স্পোর্টস বিভাগের জ্যাভলিন দুষ্কৃতিকারীদের কাছে আসে কী করে'র মতো অকিঞ্চিতকর কিছু প্রশ্ন তো আছেই সাথে গবেষনাগার ভাঙচুর সঙ্ক্রাত্ন কিছু সামান্য প্রশ্ন ও

    http://bartamanpatrika.com/content/main1.htm
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন