
আমার তখন বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ। দাদার হঠাত মৃত্যু। পড়া ছেড়ে ঘরে ফেরা। সংসার আর চলে না। আমার মাথার উপর এসে পড়ল সব। মাত্র দুই বিঘা জমি তখন সম্বল। প্রাইভেট পড়িয়ে পয়সা এনে চলে না সংসার। পাশাপাশি চাষীদের দেখে চাষ শুরু করলাম। কোদাল হাতে প্রথম দিন চোখের জলে ভিজে গেল জমি। পয়সা নেই, রোদে থাকতে পারি না ঘণ্টার পর ঘণ্টা, চাষের পদ্ধতি জানি না, সবটাই প্রতিকূল। শুরু করলাম চাষের বই পড়া। শুনতে শুরু করলাম আকাশবাণীর চাষের আলোচনা রেডিওতে। সেখানে জানলাম জমির মাটি পরীক্ষা প্রথম কাজ। মাটি নিয়ে গেলাম। ল্যাবরেটরিতে। সেখানে লোকজন আমাকে দেখে খুব অবাক। আমি নিজেই চাষী পরিচয় দেওয়ায় তারা খুব অবাক। ... ...

কাদম্বিনীকে কোন ছাঁচেই ঠিকঠাক ফেলা যায় না, তিনি স্নেহময়ী মাতৃমূর্তি নন, বিদ্রোহিনী নন, সন্ন্যাসিনীও নন - আবার এই সবই। তাঁর ছবিটা এই রকম - ফিটন চেপে এক মহিলা যাচ্ছেন শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে, রোগী দেখতে। হাতে কুরুশ-কাঠি, অপূর্ব সূক্ষ্ম কাজের লেস বুনছেন যাতায়াতের সময়টুকুতে, বিধবা বড় ননদের জন্য হিন্দু মতে রান্না করছেন, পূত্রবধূকে লিখছেন, ‘কাল বিকালেও রাঁধুনি আইসে নাই। আজও ক্যাঁও ক্যাঁও করিয়াছে শরীর ভাল না। কাল আসিবে কি না জানি না।’ আবার বিহার, ওড়িশায় খনিমজুর মেয়েরা কেমন আছেন, তা সরেজমিনে দেখে রিপোর্ট দিচ্ছেন সরকারকে। ... ...

আজ আমি এক ডাক্তার দিদির গল্প শোনাবো। ডাঃ পারমিতা মুৎসুদ্দি। আমার প্রথম পোস্টিং খড়গ্রাম হাসপাতালে যোগ দেওয়ার থেকেই শুনে যাচ্ছিলাম এখানে একজন মহিলা ডাক্তার আছেন। যিনি বর্তমানে মাতৃত্বকালীন ছুটিতে আছেন। হাসপাতালে তখন চরম অবস্থা। আছি দুজন মেডিকেল অফিসার। আমি আর ডাঃ সঞ্জীব রায়। আরেকজন অবশ্য ছিলেন। আমাদের বিএমওএইচ ম্যাডাম। কিন্তু তিনি অনেকটা গেছোদাদার মত। কোথায় যে কখন থাকতেন বলা ভারি শক্ত। অত কঠিন অঙ্ক করতে পারলে কি আর ডাক্তারি পড়ি। আমরা দুজন চিকিৎসক মিলে খড়গ্রাম ব্লকের সাড়ে তিনলক্ষ মানুষের ষাট বেডের একমাত্র হাসপাতালটি চালাতে গিয়ে নাকানি চোবানি খাচ্ছিলাম। এর উপর আবার সঞ্জীবদা সকাল, সন্ধ্যে প্র্যাকটিস করত। ফলে আমি কথা বলার একজন লোকও পাচ্ছিলাম না। ... ...

সোনাগাছি এলাকায় দুর্বার ও আপনে আপের সৌজন্যে বেশ কয়েকবার যাওয়া হয়েছে, কিন্তু ডক্টর স্মরজিত জানা বা টিংকু খান্নার সঙ্গে যৌন কর্মীদের মাতৃত্বসংক্রান্ত সুবিধে অসুবিধে নিয়ে তেমন কথা হয়নি কখনো। তাই ওই এলাকায় যাদের সঙ্গে মুখোমুখি কথা হয়েছে সেইরকম মা ও সন্তানের প্রত্যক্ষ অভিজ্ঞতাই এই লেখার ভিত্তি। বিশেষ করে মায়েরা, কারণ মা হবার দীর্ঘ সময়কালে নিজেদের প্রয়োজন ও ঝুঁকির কথা তাদের থেকে বেশি কে আর জানে ! ... ...

মেয়ে বলতেই যোনি-জরায়ু-স্তন সবর্স্ব এক ব্যক্তির রূপ আমাদের সামনে হাজির করা হয়। ভুলে যাওয়া হয় তার বাইরেও তার একটা সচল হৃৎপিন্ড আছে—আছে ক্ষুধাভরা জঠর—সবার ওপরে আছে এক সৃজনশীল মস্তিষ্ক। রাষ্ট্র সংঘের হিসেব বলে: বিশ্বের মোট কাজের ঘণ্টার ৬৭% করেন মেয়েরা কিন্তু বিশ্বের মোট ব্যক্তিগত আয়ের ১০% মেয়েদের। বিশ্বের মোট অশিক্ষিতের ২/৩ মেয়েরা। বিশ্বের মোট সম্পত্তির ১%-এরও কমের ওপর মেয়েদের অধিকার। ... ...

প্রতীচীর বার্ষিক আলোচনা সভায় পশ্চিমবাংলার নানা প্রান্ত থেকে আসা বিভিন্ন স্তরের স্বাস্থ্যকর্মী, যেমন, এ এন এম, আশা, চিকিৎসক, অঙ্গনওয়াড়ি কর্মী, শিক্ষক-শিক্ষিকা, এবং সমাজের অন্যান্য কর্মস্তরের দেড় শত মানুষের দু দিন ব্যাপী “স্বাস্থ্য পরিচর্যার উন্নতিতে স্বাস্থ্য ও শিক্ষা কর্মীদের ভূমিকা” শীর্ষক সভায় আলোচিত প্রশ্নোত্তর নিয়ে কথাবার্তা। ... ...

ফাতিমা বিবির নবজাত সন্তানের মৃত্যুর পর অবশেষে তিনি নিজের পঞ্চম সন্তানের জন্মদানের জন্য সরকারি প্রসূতি সদনে এলেন। তিন মেয়ে এবং এক ছেলে – তাঁর এই সবকটি সন্তানই বাড়িতে জন্মেছে। তাঁর মা জামিলা জানান, “ছেলেটি অক্সিজেনের অভাবে মারা যায়। তাই এইবারে আমরা হাসপাতালে এসেছি।” ... ...


যেমন ধরেন ওই নোটবন্দী খেলা — পারবে? কোনও সুস্থ মাথার লোক (গাঁজা ফাঁজা না খেয়ে) ভাবতেও পারবে না যে এভাবেও টাইট দেওয়া যায় নিজের দেশের জনতাকে। আর যা কারণ ঠাউরালেন তাতে হেসে খুন হই আর কি। গোলাপী খেলনা নোটের ভেতর থেকে মাইক্রোচিপ অবধি খুঁজে পেল টিভি অ্যাঙ্কর (এমন অ্যাঙ্কর থাকলে ১৯১১ সালে হিমশৈল অবধি দৌড়ে পালাত, টাইটানিক দেখে, ধাক্কা মারা তো দূরস্থান)। আর সেই সরল গোলগাল ফুচকার মতো যুক্তি, যা কিনা ফুটো না করিলে তাতে হায় মশলা আলু বা টকজল কিছুই ঢোকে না, এমন দুর্দম, অনমনীয়। কী? না এতে জাল নোট আটকাবে - পাড়ার রঙিন ফোটোকপি দোকানদার অবধি হেসে খুন, এই নোট আবার জাল করতে হয় নাকি? এ তো এমিনিই এত জ্যালজ্যালে। আবার ধরেন, এতে নাকি টেরোরিজম চুপসে এই অ্যাত্তটুকুন হয়ে যাবে। তা তো কই… ... ...

......উনি দিব্যি হেসে উঠলেন। একেবারেই একটা তাচ্ছিল্যপূর্ণ মন্তব্য করলেন, ঠিক মন্তব্য নয়, প্রশ্ন! তার প্রশ্নের ধরনের দেখে সকলে ইতস্তত: করেও হেসে উঠল। তিনি মজা পেলেন। যে বলেছিল, সে একটা উত্তর দিল আমতা আমতা করে। তিনি আরো এমন একটি মন্তব্য করলেন, সকলে আরো বেশ খানিকটা হেসে উঠলো। এই "উনি"টি কোনো কমেডিয়ান নন, অনুষ্ঠানটিও কোনো পাড়ার জলসা নয়, যে এমন ছ্যাবলামো অনায়াসে করা যায়! অনুষ্ঠানটি চলছিল দেরাদুনে, ছাত্র-ছাত্রীরা তাদের বিভিন্ন স্বপ্নের প্রকল্প পেশ করছিল ওনার সামনে। দেশের প্রধানমন্ত্রীর সামনে। হ্যাঁ, ঘটনাচক্রে উনি দেশের প্রধানমন্ত্রীও বটে। ... ...

গত ত্রিশ বছরে ভারতীয় শ্রমিকের প্রকৃত মজুরি বাড়েনি, যদিও তার প্রত্যেক বছর তার গড় উৎপাদনশীলতা বেড়েছে সাত শতাংশ। এই পরিস্থিতিতে দেশের সরকারের অন্যতম প্রধান কাজ হওয়া উচিত ছিল তাদের জন্য একটি ভদ্রস্থ মজুরির ব্যবস্থা করা। তা না করে সরকারি মদতে পুঁজিপতিদের অক্লান্ত চেষ্টা চলছে কি করে স্থায়ী কাজের সুযোগ কমিয়ে সেই কাজগুলোকে ইনফর্মাল বা অসংরক্ষিত ক্ষেত্রে ঠেলে দেওয়া যায়। আরো প্রকটভাবে বিভাজন তৈরি করা হচ্ছে স্থায়ী অস্থায়ী, ঠিকা ও ক্যাজুয়াল শ্রমিকদের মধ্যে। যদিও এইরকম বেতনবৈষম্য দেশের আইন অনুযায়ী একেবারেই বেআইনী। একটা শক্তিশালী ট্রেড ইউনিয়ন আন্দোলন পারতো রাশ টেনে ধরতে কিন্তু দীর্ঘদিন ধরে অনেক চেষ্টা করে ট্রেড ইউনিয়নগুলির শক্তি হরণ করা হয়েছে। নিও লিবেরাল অর্থনৈতিক ব্যবস্থায় সেগুলোর গঙ্গাপ্রাপ্তিই অবধারিত। অথচ দেশজুড়ে শ্রমিক মরণপণ লড়াই দেবার জন্য প্রস্তুত, মারুতি কারখানা, মুন্নারের চা শ্রমিক বা মুম্বাইয়ের সাফাই শ্রমিকরা সেকথা প্রমাণ করে দিয়েছে। কতো প্রতিবন্ধকতা ডিঙিয়ে তা হয়েছে ! নিও লিবেরাল অর্থনৈতিক ব্যবস্থায় আন্তর্জাতিক পুঁজি চলাচল করে দ্রুত। ভারতে সুবিধে না হলে চীনে বা অন্য কোথাও। ফলে বেশি মিলিট্যান্ট আন্দোলন গড়ে তোলার ঝুঁকি অনেক। ... ...

বন্ধু সুদীপ্তার বিয়েতে গিয়ে খেয়েছিলুম পেনেটির গুঁফো। বন্ধুদের বাড়ি পানিহাটিতেই। কিন্তু ওরা এই মিষ্টির সন্ধান জানত না। খোঁজ দিয়েছিলেন মীনাক্ষী ম্যাডাম। মীনাক্ষী সিংহ। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে আমাদের পড়াতেন। এই সেদিন সুদীপ্তাই হোয়াটসঅ্যাপে একটা শর্টফিল্ম পাঠাল। তনুশ্রীশংকরের মেয়ে অভিনীত ছবি, ‘থার্ড আই’। তাতে দেখি, মীনাক্ষী ম্যাডামও অভিনয় করছেন। সুদীপ্তার বাবা ম্যাডামকে নেমন্তন্ন করতে গিয়েছিলেন। পানিহাটিতে বাড়ি শুনে ম্যাডামের স্বামী জানতে চেয়েছিলেন, ‘তাহলে গুঁফো খাওয়াবেন তো?’ সুদীপ্তার বাবা অবাক হয়েছিলেন। মিষ্টির এমন পুরুষালি নাম শুনে। তবে তিনি খাওয়ানোর ব্যবস্থা করেছিলেন। গুঁফো বেশ পুরনো যুগের মিষ্টি। এখনকার দোকানদার আর ওই মিষ্টি করেন না। উনি কিন্তু অনেক খুঁজেপেতে, পুরনো দোকানদারকে ধরে বিশেষ অর্ডার দিয়ে মেয়ের দিদিমণির স্বামীর অনুরোধ রক্ষা করেছিলেন। গুঁফো আসলে সন্দেশ। কিন্তু ভিতরে রসালো পদার্থ থাকে। কামড় বসালে সেই রস রসিকের গোঁফে লেগে যায়। গোঁফে লাগে বলেই এমন নাম। ... ...

যার হবার কথা ছিল মাথার মণি, সে হয়ে গেল গলার কাঁটা। ভূস্বর্গ কাশ্মীর, তার অবস্থান, প্রাকৃতিক সৌন্দর্য, শান্তিকামী জনগণকে নিয়ে যে কোন রাষ্ট্রের সাধনার ধন হতে পারত। কপালদোষে তাকে নিয়েই গলার কাঁটা বেঁধে যাওয়ার মতো হাঁসফাঁস অবস্থা ভারতের। না পারা যাচ্ছে গিলতে, না ওগরাতে। আর এই দুরবস্থার পেছনে আছে দীর্ঘদিনের পারস্পরিক অবিশ্বাস, শাসকের ভ্রষ্টাচার, দমন ও শাসিতের মরীয়া বিদ্রোহ, চরমপন্থার জলঘোলা করা এবং অবশ্যই প্রতিবেশী রাষ্ট্রের লম্বা নাক ঘন ঘন গলানো। দুই দেশই নিজের স্বার্থে যে ভূখণ্ডকে ব্যবহার করে চলেছে তার নাম কাশ্মীর। তবে এখন আর সে ভূস্বর্গ নয়, রক্তাক্ত, অসন্তুষ্ট এক নরকসদৃশ ঠাঁই যেখানে আত্মঘাতী জঙ্গী নিরাপত্তার ঘেরাটোপ অনায়াসে টপকে বিস্ফোরণে খতম করে দিতে পারে সেনা জওয়ানদের, আবার অন্যদিকে পাঁচশর বেশি নিরপরাধ নাগরিক শিকার হন নির্বিচার পেলেট গানের। তাদের মধ্যে শিশু, নারী, বৃদ্ধ অনেক। মৃত্যু, বিকলাঙ্গতা, অবিশ্বাস, সন্ত্রাস আর ষড়যন্ত্র যেখানে রাজ করে সেই ভূখণ্ডই আজকের কাশ্মীর। ... ...

ইংরেজিতে একটা শব্দবন্ধ রয়েছে -a gift that keeps on giving. একবিংশ শতাব্দীতে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের শাসকরা এরকম একটা উপহার আবিষ্কার করেছে - low scale conflict বা ক্ষুদ্র আকারের সংঘাত।এ যেন সোনার ডিম দেওয়া হাঁস, হাঁসটাকে যতদিন বাঁচিয়ে রাখা যায়,ততদিন সোনার ডিম দেবে।ইজরায়েলের প্যালেস্তাইন, রাশিয়ার চেচনিয়া,আমেরিকার মধ্যপ্রাচ্য,ভারতের কাশ্মীর,এই সংঘাতগুলো দীর্ঘকালীন সময় ধরে চলছে,তার প্রধান কারণ এটাই যে এই সংঘাতগুলো মিটিয়ে ফেলায় মুনাফা নেই। ... ...

পুলওয়ামা বিস্ফোরণ পরবর্তী সময়ে দাঁড়িয়ে দেশজুড়ে যে জিঙ্গৈজমের রবরবা, তা যে মব মানসিকতা সেকথা বলার অপেক্ষা রাখেনা। যে চারাগাছে গত কয়েকবছর সারজল পড়েছিলো নিয়মিত, আজ তা মহীরূহে পরিণত। সেই একই রেটরিক, যুদ্ধ চাই যুদ্ধ চাই চিৎকার, সেই ইশকুল-কলেজ-অফিস ফেরত ভারতবাসীর আইপিএলসুলভ আবাল মস্তি নিয়ে যুদ্ধের গজল্লা ---কিচ্ছু পাল্টায় নি। যেমন পাল্টায়নি কাশ্মীর নিয়ে মানুষের সীমাহীন অজ্ঞতা, যদিও গুরুচন্ডা৯ প্রকাশিত কাশ্মীরের প্রথম সংস্করণ প্রায় শেষ হয়ে গেছে। এই অবস্থায় কীই বা লেখা যায়? আমার জানা নেই কোন ভাষায় লিখলে, কোন শব্দ ব্যবহার করলে মানুষকে অন্য মানুষ সম্পর্কে সচেতন করা যায়। ... ...

বিগত দশ দিন যাবৎ দেশের আকাশ বাতাস "মার মার" "ধর ধর" "কাট কাট" শব্দে পুনরায় মুখরিত হইয়াছে। বীরভোগ্যা বসুন্ধরার মাঝে যে আছে দেশ এক সকল দেশের সেরা - তাহার যে বীরের অভাব নাই তাহা এক্ষণে সর্বজনবিদিত। সুকুমার রায় ইহাদের কথা ভাবিয়াই একদা বলিয়াছিলেন - "বীর বলে বীর! ঢাল নেই তরোয়াল নেই খামচা মারেঙ্গা"। সেই খামচার ঠেলায় অস্থির ভারতবাসী অতঃপর অস্থিতে অস্থিতে টের পাইয়াছেন বীরত্ব কাহাকে বলে। কলেজ ছাত্র হইতে ইস্কুল মাস্টার, গৃহবধু হইতে চিকিৎসক, ইঞ্জিনিয়ার হইতে আইটির ভাইটি - কেহ বিন্দুমাত্র দেশদ্রোহের আভাসমাত্রও দেখাইলেই বীরপুঙ্গবগণ লাঙ্গুল শক্ত করিয়া তথায় উপস্থিত হইয়া নিজ বীরত্ব প্রদর্শনপূর্বক কদলী ভক্ষণ করিয়া পাকিস্তানকে সমঝাইয়া দিয়াছেন। ... ...

দেশে বিদেশে, স্বাচ্ছন্দ্যের শিখরে বসে, বিজয়ের কৃতি ও সফল বন্ধুবান্ধবেরা বলছে RIP. পাঁচতারায় ডিনারের মাঝে এক ফাঁকে তারা হোয়াটস্যাপে তীব্র দেশপ্রেমের মেসেজ ফরোয়ার্ড করছে, পানীয়ের গ্লাসটুকু ভরে নেওয়ার মাঝে টুক করে ছড়িয়ে দিচ্ছে দেশের মধ্যে লুকিয়ে থাকা শত্রুদের নিকেশের আহবান। বিজয়ের সাথে স্কুলে ভরতি হয়েও মাঝপথে পড়া ছেড়ে দিতে বাধ্য হওয়া বন্ধুরা পানের দোকানে আড্ডা দিতে দিতে কাঁচা খিস্তি করছে প্রতিশোধ চাইছে আর ফেসবুকে বলছে, RIP. ... ...

মধ্যিখানে আগাম খবর থাকা সত্ত্বেও জওয়ানদের 'শহিদ' ট্যাগিয়েই স্রেফ দায় তথ্যচিত্র শুটিংয়কালীন ব্যস্ত ছাপ্পান্ন-ইঞ্চির ছাতিতে রাখা যায় না সদলবলে ক্যামেরাম্যানের খিঁচিকসহযোগে কুম্ভমেলায় পা-ধোয়াধুয়ি কেসে মহান সাজা যায়...সেসব অবশ্যি জিপিএসের 'অ্যাড স্টপেজ' জিরোনো টাইমপাস। এখানে ফিসফাস চলে তবে গলা তোলা বারণ। যাবতীয় প্রশ্ন যা মোদীবিরোধী তাই দেশবিরোধী...এই সহজ ইকুয়েশনটুকু না বুঝলে সিঁড়িভাঙা অব্দি পৌঁছবেন কীভাবে! ... ...

কাকে বলব শুভ বুদ্ধি আর কাকেই বা বলি অশুভ বুদ্ধি? পুলওয়ামা কান্ডের পরে সেটাই গুলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে।নিতান্ত ছা-পোষা গেরস্ত মধ্যবিত্ত মানুষেরা এতকাল সুখে সোস্যাল-মিডিয়ায় সেলফি-যাপন করছিল। তারাও হঠাৎ হাল্লা রাজার মতন যুদ্ধু- যুদ্ধু বলে লাফিয়ে উঠল। যারা সেই তালে তাল মেলাতে রাজী নয়, তাদের নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপের ঝড় উঠল।এই অবধি হলে ঠিক ছিল। এসব চেনা ঘটনা। এ রকম দেশাত্মবোধের জোয়ার ২০১৬ সালেও দেখা গিয়েছিল। কিন্তু এবার ঘটনা গড়িয়ে চলল আরো একটু দূর। একদিকে রাজ্যপাল থেকে সেনা-নেতা, সব তাবড় লোকেরা কাশ্মিরীদের বয়কটের ডাক দিচ্ছেন – পুরো দেশটাকে একটা বাইনারীতে ভেঙ্গে ফেলার মরিয়া চেষ্টা, অন্য দিকে সামান্যতম বিরোধীমতের আভাসে সোস্যাল মিডিয়ায় ভয় দেখান, যৌন-হেনস্থা, নোংরাতম কথা বলা পেরিয়ে শুরু হল বাড়ি ধাওয়া করে হেনস্থা, ভাঙচুর। এবং চাকরী থেকে তাড়ানো। কারণ? ... ...

এত বড় ধরনের জঙ্গি হানা কীভাবে ঘটতে পারল,সেনা চলাচলের সময় সমস্ত সুরক্ষাবিধি ঠিকমত মানা হয়েছিল কীনা - এই সমস্ত প্রশ্নকে আমল না দিয়ে শাসক দলের দিক থেকে বেছে নেওয়া হল যুদ্ধোন্মাদনা তৈরির পথ। সেনাবাহিনীর প্রতি দেশবাসীর বৃহত্তর অংশের আবেগ এবং পাকিস্থানের প্রতি দীর্ঘলালিত বৈরিতার মনোভাবকে পুঁজি করে যুদ্ধের আবহ গড়ে তোলা হল।সার্জিকাল স্ট্রাইক -২ থেকে শুরু করে পুরোদস্তুর যুদ্ধের সম্ভাবনা নিয়ে চায়ের দোকান থেকে ফেসবুকের ওয়াল, ট্যুইটার হ্যান্ডেল থেকে নামজাদা টেলিভিশন চ্যানেলের নিউজরুম – সর্বত্র ব্যাপক উত্তেজনাপূর্ণ আলোচনা শুরু হয়ে গেল। অচিরেই শত্রুর তালিকা বাড়তে শুরু করল এবং পাকিস্থানের পাশাপাশি কাশ্মীরী আম জনগণকেও শত্রু তালিকায় ঢুকিয়ে ফেলা হল। কাশ্মীরী ব্যবসায়ীদের পণ্য বয়কটের ডাক দেওয়া হল, কাশ্মীরের মানুষজনকে দেশের বিভিন্ন প্রদেশ থেকে রাজ্যে ফিরে যাবার হুমকি দেওয়া হল। আমাদের কোলকাতা শহরেও হুমকির মুখোমুখি হলেন এক কাশ্মীরী চিকিৎসক, যিনি বহুবছর এই শহরে ডাক্তারী করছেন। বিভিন্ন রাজ্যে কাশ্মীরী মেলা বন্ধ করে দেওয়া হচ্ছে, কাশ্মীরের ছাত্র সহ বিভিন্ন মানুষদের হেনস্থা নিগ্রহ করা হচ্ছে – এরকম উদ্বেগজনক ভিডিও আমরা সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে পেতে শুরু করলাম। ... ...