এই টোলা, পাড়া, হাটা, তলা, বাগান, সম্বলিত এলাকা অথবা রাস্তাগুলি আগলে রেখেছে কোলকাতার গত কালকে। ... ...
ব্রিটিশ রাজের পাশাপাশি কোলকাতায় তখন পক্ষীর রাজ চলছে। মানুষরূপী এই পাখিরা গান গায়, ঠোকরায়, বুলি আওড়ায়, শুধু ডানা নেই। কয়েক ছিলিম গাঁজা টানার পর নেশার মৌতাত চড়লে ডানা ছাড়াই কল্পলোকে উড়ে বেড়ায়। ... ...
পলাশীর যুদ্ধের পরে মাত্র তিন মাসের মধ্যে নবকৃষ্ণ বিশাল দুর্গা দালান তৈরি করান। তাঁর পুজোয় কৃষ্ণ নবমীর রাতে দেবীকে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করা হত। পূজা শুরু হত পরের দিন থেকে। দীর্ঘ পনের দিন ধরে চলত এই উৎসব বা ‘মোচ্ছব’। ধনীর সংখ্যা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে দুর্গা পূজার সংখ্যাও। পূজাকে কেন্দ্র করে তাদের মধ্যে শুরু হয় একধরনের অশুভ প্রতিযোগিতা। শহরের দেখাদেখি গ্রামাঞ্চলের নব্য জমিদাররাও পূজায় নানা আমোদ প্রমোদে গা ভাসালেন। পুজার এই মহোৎসবে সাহেবদের ফুর্তির জন্য থাকত এলাহি ব্যবস্থা। কোথাও চলত উদ্দাম নাচ গান, কোথাও নাচত বাইজী, কোথাও বসত পানীয়র আসর। মুর্শিদাবাদ, এমনকি কখনো কখনো লখনৌ থেকে আসত বাইজীরা। সাথে থাকত অতিথিদের পছন্দসই খাদ্যের বিবিধ সম্ভার। সাহেব প্রভুদের তুষ্ট করার যাবতীয় উপাদানের অফুরন্ত যোগান থাকত এই পুজোর আসরগুলিতে। ... ...
এই হানাদারেরা কাছেপিঠের কেউ নয়, আসত সুদূর নাগপুর থেকে। এক সময়ে বাংলা, বিহার ও ওড়িশার সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল লুঠতরাজপ্রিয় মারাঠি বর্গিরা। বর্গিরা ছিল মারাঠি ধনগর জাতীয় অশ্বারোহী সেনা। অত্যাচারের নিরিখে শোলের গব্বর সিং এদের কাছে শিশু। পৌনে দুশ বছর আগের ভয় আজও ছেলে ভুলান ছড়া হয়ে মায়েদের মুখে মুখে ঘোরে। খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এল দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে ধান ফুরোলো পান ফুরোলো খাজনার উপায় কি? আর কটা দিন সবুর কর রসুন বুনেছি। ... ...
শেষের দিকে হাসপাতালটি সব দিক থেকে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ায় ওটিকে বাতিল করে ময়দানের দক্ষিণ দিকের শেষ প্রান্তে লোয়ার সার্কুলার রোডের ধারে জমি বাড়ি কিনে ১৭৭০ সালে সর্বসাধারণের জন্য প্রায় একই নামে গড়ে তোলা হল নতুন হাসপাতাল। ‘প্রেসিডেন্সি হসপিটাল’ এর উত্তরসূরি হয়ে স্থাপিত হল ‘প্রেসিডেন্সি জেনারাল হসপিটাল’, আজকের ‘সেঠ শুখলাল করনানি মেমোরিয়াল হসপিটাল’। ... ...