এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পর্বে পর্বে কবিতা - তৃতীয় পর্ব

    pi
    অন্যান্য | ১৭ ডিসেম্বর ২০১১ | ৮৭৯১৩ বার পঠিত | রেটিং ৪.৭ (৩ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সায়ন | ০৬ জুলাই ২০১৩ ০০:২১508437
  • এইভাবে হানা দাও অতর্কিতে
    এইসব স্মৃতির যোগান দূরবর্তী পাখনামেলা দিগন্তবলয়

    নতুবা সুচারু দিক্‌নির্ণয়
    কম্পাসের কাঁটা ঘোরে বনবন সময়
    রূপালি তবক মোড়া আমাদের দূরবর্তী অতীতে

    বিস্তৃত হয়েছে সেই ক্ষণিকের আধার
    নিষ্পৃহতা গ্রাস করতে পারে এমনটাই ভেবেছিল মন

    সঙ্গীতমনস্ক শান্ত সঙ্গোপন
    আকাশডাক চকিতে জেনে যাওয়া উন্মোচন
    একসাথে হেঁটে চলা ফুটপাথময় প্রেমের প্রচার

    আর কেন সৃষ্টি করো অসংলগ্ন
    এইসব নিয়ে আসে যদি দুয়ারভাসানো রিক্ত জলোচ্ছ্বাস

    বাঁধ নেই, মনে রেখো পরবাস
    নিজেকে দৃঢ় করার মত অপাংক্তেয় কিছু প্রয়াস
    ধীরে ধীরে সব সয়ে যায় যা কিছু সাবলীল অথবা জলমগ্ন

    আমার পাতার কুটীরে প্রাণ হানো
    পুড়ে যেতে চাওয়া মাটির ত্রস্তছায়ায় মোহ ভরো দুর্বার

    মুছে দাও এই দুর্বৃত্তময় চরাচর
    শর্বরী পোহালে আমি উঠে বসি গাংভাসি জোয়ার
    জেনো, একদিন নাম লিখে যাবে তোমার আমার গভীর অসুখ
  • pharida | ০৬ জুলাই ২০১৩ ২৩:৫৩508438

  • বুঝেছি রাত্রি কথায় জ্বলতে আসে
    যেমন তুমিও মৃদুঘুম আছিলায়
    পাশ ফিরে শুলে
    চাঁদ মুখ টিপে হাসে।


    থইথই জল নিছক কথার খেলাপ
    কিছু নিরুপায় বেয়ে যায় ভরা নদী
    তাও প্রসঙ্গ সত্যের অপলাপ
    ডুবজল বলি তোমাকেই আজ যদি


    ওই ভিটে আজ ছাড়ল দেয়াল, পোশাক
    তারও বহু আগে আমাকেও ছেড়ে গেছে
    ফাটল মেঝের নদীপথ জলযান
    চিলছাত ঘুড়ি আটকে অশ্বথ গাছে –
  • pharida | ০৭ জুলাই ২০১৩ ০০:৩৮508439

  • আমিও ভুলেছি তোমারও তো মনে নেই-
    গানের ইস্কুল, শতরঞ্চির ধুলো
    ভিড়ের মধ্যে দুজন একলা হলে
    চুপি চুপি সেই কোন গান ছুঁয়ে ছিল?
  • dd | ০৭ জুলাই ২০১৩ ০১:০৬508440
  • শুখায়ে গিয়াসে নদী, ফুরায়ে গিয়েসে সব স্পার্ম
    আছে শুদু অন্ধকার, ভার্চুয়াল অ্যানিমাল ফার্ম
    সুদু বেঁচে থাকে, টিঁকে থাকে উচ্চকিত নাটকীয় ফর্ম
    সকলই ঢপের চপ।কনটেন্টে ইনফাইনিট জিরো।

    কবিদের ছিন্ন করে নগরীর সেষতম ট্রাম
  • dd | ০৭ জুলাই ২০১৩ ০১:২৯508441
  • দাউ দাউ করছে সময়। অথোবা পিন পিন করছে বয়স।
    বা লিখুন ধু ধু করছে ভবিষ্যত আর খাঁ খা` করছে ক্ল্যাসিকাল গায়ক।

    ঘেউ ঘেউ করছে দায়বদ্ধতা। হালুম ডাকছে মাঝ রাত।
    স্বপ্নের মাঝে লাফিয়ে পরছে কেউ, খান খান হয়ে ভাঙছে কাঁচের দুনিয়া।

    এক বুরবক আকাশ জুড়ে ফেটে পরছে আগুন।

    এখানে এখন .... ফাৎনা'র দিকে গাঢ় চোখে অনিমেষ জেগে আছি।
  • dd | ০৭ জুলাই ২০১৩ ০১:৪২508442
  • অলীক হলেও দ্রোণাচার্য
    স্বপ্ন ছুঁয়ে থাক
    কুলোক হলেও দুর্যোধন নাহয় প্রোপোস করুক
    বাঁচুক কিংবা মরুক, একটা ব্রীজ বানালেই হয়
    এপার ওপার স্বপ্ন জুড়ে, খুব সামান্য চার্জ
    ক্ষীনের থেকেও তুচ্ছতর, খুব অস্পষ্ট দাগ

    থাকুক। তবু সারা জীবন।

    এ টুকুই তো আর্জি।
  • b | ০৭ জুলাই ২০১৩ ০৮:৫৫508443
  • ডিডি-র কবিতা এতদিন পর পর কেন আসে?
  • sosen | ০৭ জুলাই ২০১৩ ০৯:১১508444
  • আরাম পেলুম,ডিডিদা ।
  • sosen | ০৭ জুলাই ২০১৩ ০৯:৪৬508445
  • ও রংচটা বাড়ি
    তোমার কাছে লুকিয়ে গেলাম
    আমার আমোদদিনের ফানুস
    এখন বুকের মাঝে, রাতবিরেতে
    ধুকধুকে এক মাদুলি-প্রাণ
    কাঁটা ফোটায়।

    ভয়।

    তবু
    এই তো আছে আমার

    মেঠোউঠোন, উনুনসিঁড়ি
    পাখির বাসায় শুধবেহাগে বিসমিল্লা
    আনাচ, কানাচ, ঘুলঘুলিতে, বিসম্বাদে
    এখন
    টুপিয়ে পড়ে সে আটপ্রহর।

    ভয় কি আবার?
  • pharida | ০৭ জুলাই ২০১৩ ২০:২২508447

  • তবুও থাকে মশলাগন্ধ
    যেমন করে গানের পরেও
    সুর থেকে যায় –

    ফেরার পথে অন্ধ রাস্তা
    আজকে কিছু দেওয়ার জন্য
    দু হাত বাড়ায়।
  • শ্ব | ০৯ জুলাই ২০১৩ ০১:০০508448
  • ---------------
    জ্ঞা
    ---------------

    আপনারা কি দেখেছেন মশাই ?
    আপনারা দৈনিক পলিটিস দেখেছেন
    চাট্টি লোককে মরতে আর জন্মাতে দেখেছেন
    কিছু নদী গড়েছে ভেঙ্গেছে পাড় বা কিছু ভূমিকম্প বড়জোর আগ্নেয়গিরি ?

    আরও পিছলেও বলুননা পিছচ্ছি
    হইচই ছুটে যাচ্ছে ল্যাটিনটুপিপরা প্রাণীজগত এর পাল
    আরও আরও ? বুকে হেঁটে ছোট হতে হতে হতে এমিবা

    এইত ??

    আমি আমার ৩ টে কবিতাকে একসঙ্গে ডিলিট হয়ে যেতে দেখেছি। ।
  • dd | ১৩ জুলাই ২০১৩ ০০:৩৩508449
  • "আমি আমার ৩ টে কবিতাকে একসঙ্গে ডিলিট হয়ে যেতে দেখেছি। ।"....

    বেশ তো।
    আরে আমার পদ্যরা,যাকে বলে প্রষ্ফুটিতো না হইতেই ঝরিয়া পরে। ধ্যুস।

    পায়ে পায়ে মাড়িয়ে কি রকোম পাপোষ জীবন।
    ঢ্যাঁড়া পরছে যখোন উথাল পাথাল স্মৃতিতে বৃষ্টি পরে
    যখন শ্যাওলা পরে, জং ধরে, স্বপ্নতে তখোন
    তোবড়ানো মগে ঠং ঠং করে ঠুকে ঠুকে
    একটা কোনোরকম শেপ দিতে চাচ্ছি। যাস্ট।
  • Indranil | ১৮ জুলাই ২০১৩ ২৩:২১508450
  • জ্বলছে না

    দু জন্ম ধরে পুরুষ
    আর এক প্রজন্ম নারী
    গিটার, কফি, কবিতা ...........
    সব রয়েছে।
    নিয়নকে উজ্জ্বল করছে
    ধোয়ার আলোকচিত্র।
    সবার গায়ে কেমন একটা
    বারুদ গন্ধ।
    শুধু জ্বলছে না ;
    রাতে বৃষ্টিতে ভিজেছিল
    পকেটে রাখা দেশলাই গুলি।
  • প্রত্যুষ বন্দ্যোপাধ্যায় | ১৯ জুলাই ২০১৩ ০২:২১508451
  • কেন প্রতারিত হতে চাও বারবার

    রেখে আসা ধৌত মুকুট
    প্রাচীন তোরঙ্গ খুলে টেনে বার করো
    আর কাঁটায় সাজাও

    ভ্রান্ত কুসুম এলে
    কেন যে বিছিয়ে দাও পাঁজর-পরিখা

    অহেতুক দূরে যাও
    হিতাহিত কাছে ঘুরে মরো

    কার্নিশ প্রিয় বলে
    ঘুমের বালিশ ফেলে দেবে

    কেন প্রতারিত হও বারবার
    কড়িকাঠ উদাসীনতায়
  • pharida | ১৯ জুলাই ২০১৩ ২৩:০৯508452
  • ঘুড়ি সংক্রান্ত

    এখানেও তোমার তুলনা – যখনি ঘুড়িতে ক্রমে সন্ধ্যাটি এল
    স্খল পায়ে ধীরে, তাকে তুমি চেনোনা, কখনো দেখনি চোখ তুলে
    বলে সঙ্গত – সেও যেন ফিরে গিয়ে ফাঁকা করে দিল কিছু রাত।
    দূরে যেতে হবে বলেছিলে, অযুহাত জলের স্বাদের কাছে দিনভর
    চাপান উতোর খেলা বয়ে বয়ে এমন খেলনা দিন এনে দেয় জানো
    যদি এও মানো, এখনো ঘুড়িতে কিছু প্রজনন হয় - কিছুটা সময়।

    বরং তোমাকে ফের রেখে আসি দূরে, অনেক গভীর দ্বীপে অনেকের
    ভিড়ে ফেলে আসি নিজেকে একদা, সেখানে বসতি ছিল মানুষের
    হৃদয় গড়িয়ে দিত কুমোরটুলিতে ওরা তামুক টানার ফাঁকে অবহেলে।
    অনেক পাখিরা যারা বাসা বাঁধে বলে জানা নেই, প্রচুর কথারা আছে
    তাদের একটা বই জামা নেই, প্রয়োজনে কানে শোনা নেই সেইখানে
    শষ্য ফলেরা পাকে লাঠিয়াল দেখে, হলদে পুরনো মেঘ কবেকার
    সেই নিয়ে গান বাঁধে একলা পালক কেঁপে কেঁপে। এখানে হলফনামা
    রাখা থাক, তোমার তুলনা আমি ঘুড়িতে লিখে ঊড়িয়েছি কিছু সংক্ষেপে।
  • pharida | ১৯ জুলাই ২০১৩ ২৩:২৩508453
  • ঘুড়ি কেন ওড়ে

    রাস্তা ফুরিয়ে গেল মাঝামাঝি
    ভাঙা কার্ণিশে বটের শিকড়ে ভয়
    নেমে গেছে বহুদূরে, নীচে।

    তখনি তোমাকে মনে হয়
    জলের পরের চিঠি লেখা হল
    সাদা কালো, অনাদায়ী খামে সেইদিন

    যেখানে থেমেছে যেন সন্ধেটি
    কিছু পরে যাবে –
    কার্ণিশে ধার ঘেঁসে ঘেঁসে
    পথ আর বাকি নেই বলে
    দ্যাখো, এইবার ঠিক শেষ -
    এরপর, ঘুড়ি উড়ে যাবে।
  • শ্ব | ১৯ জুলাই ২০১৩ ২৩:৪৩508454
  • এইসময়
    ~~~~~~

    আমি কী লিখবো কতো টুকু লিখে রাখা সম্ভব !
    পোখ্রাজের ঘাসের মধ্যে দিয়ে দৌড়ে যাচ্ছে পালে পালে বল্গা কবিতা।

    হীরকের শিং থেকে ডাল পালা পালা ডাল হয়ে কী প্রচন্ড আলো শুধু ছড়িয়েছে বেগনি আকাশে।

    বসে আঁকো খাতা খুলে সে আঁকছে প্যাস্টেল বিলাসী নদী মেঘ উপত্যকা রোদ -

    সে শুধুই আড়বাঁশি চেনে। ড্রাগন বলাকা । ।
  • dd | ১৯ জুলাই ২০১৩ ২৩:৫০508455
  • শ্ব'এর কবিতা।
    উফ। ক্ষি ভালো ক্ষি ভালো।
  • swati | ২০ জুলাই ২০১৩ ০০:৩৪508456
  • সম্পর্ক-

    পড়া হয়ে গেলে ফেলে দেয়াই বিধেয়।

    সকালের টান টান খাস্তা কাগজে
    প্রথম পাতা,হেডলাইন,খেলার পাতা
    ভ্রমণ কাহিনীর জঙ্গল পাহাড় নদী
    মচমচে গসিপ, কচকচে রাজনীতি
    গল্প যত, খবর তত নয়। না হোক তবু
    আদ্যপান্ত উল্টেপাল্টে পড়ার নেশা।
    পড়া হলে বাসি কাগজ ছুঁড়ে ফেলা
    অবহেলায় পথের ধারে আস্তাকুঁড়ে,
    নিদেনপক্ষে ঠোঙা হবে মুদির ঘরে-
    সেটাই নিয়ম, সহজ সরল সমীকরন।
    কিছু বোকা থাকেই তবু দুনিয়াতে,
    কেন তারা বুঝেও কিছু বোঝে না যে!

    বলতে পার চায় না কেন ঠোঙা হতে?
  • pharida | ২০ জুলাই ২০১৩ ০০:৩৫508458
  • ফুলেরা পাথর নয় তবু
    কাচঘরে সাজিয়েছ
    বিছানা অঢেল তার চারপাশে
    কাঁটাগাছ বিছিয়ে রেখেছ তুমি যেহেতু
    শিশুরা প্রভৃতি এসে যদি
    ছুঁয়ে ফেলে নিজের প্রকৃতি

    তুমিও তো শিশু নও
    কিছু বা পাথরে
    কখনো লেখোনি কিছু
    নিছক খেয়াল বশে
    টুকরো করেছ সব
    আঁকিবুকি অহেতুক ভ্রমে

    যেন তুমি কক্ষণো নেই –
    পড়ে আছে তোমার ভ্রূকুটি।
  • pharida | ২০ জুলাই ২০১৩ ০১:০৪508459
  • তুমি


    তুমিও উড়বে জানি
    অনেকের মতো
    তবুও কিছুটা ক্ষত
    থেকে যাবে গাছের কোটরে

    তুমিও নামবে জানি
    বৃষ্টির মতো
    যেমন একলা যত
    খসে পড়ি মুকুল জঠরে।

    তোমাকে ফেরার মানি
    এবারের মতো -
    নিছক একলা রাতও
    সাবলীল এখনো শরীরে।
  • শ্ব | ২১ জুলাই ২০১৩ ০২:৩৪508460
  • যমন
    ~~~~~

    কিছু ভালো লাগে না।
    প্রশ্ন না। উত্তর না।
    শুধু পাথর
    শুধু পাথর হয়ে।
    পাথরের অনুতে পরমানুতে
    কোনো অভিন্ন কোয়ার্কের তৃতীয় অক্ষে গা দিয়ে
    ঘুমিয়ে যেতে শুধু ইচ্ছে হয়, .
    শ্মশান যাত্রীর মত বোধগম্যতায় । ।
  • C | ২১ জুলাই ২০১৩ ২২:২৬508461
  • কোয়ার্কের তৃতীয় অক্ষ ---সেটা কী? ঃ-)
  • swati | ২৬ জুলাই ২০১৩ ০২:৫৯508462
  • ….. বন্দী জেগে আছো?
    ….. আছি। রাত কত হল?
    ….. কি করবে তা জেনে?
    ….. ও পাশ ফিরে শোব।
    ….. যদি বলি ভোরের আর দেরি নেই।
    ….. সত্যিই আর দেরি নেই?
    ….. কি লাভ জেনে তোমার?
    ….. একটা স্বপ্ন দেখব আজ।
    ….. কিসের স্বপ্ন, ভোরের আলোর?
    ….. না, পাখিদের কলরব।
    ….. বন্দী, ঘুমিয়ে পড়।
    ….. ঘুম সব ফুরিয়ে ফেলেছি।
    ….. অন্ধকারই খাও তাহলে।
    ….. একটু নুন পেলে তাই সোনামুখে খাই।
    ….. নুন!! বন্দী তুমি নুন চাইছ!
    ….. নাহ, আমার আঁধার ভালো।
    ….. বন্দী আমার যে অনেক কাজ।
    ….. তোমাকে এবার যেতে হবে, তাই না?
    ….. যেতে তো হবেই, চলাই জীবন।
    ….. যাও, না, না,-যাও বলতে নেই, এসো।
  • অনিকেত | ২৬ জুলাই ২০১৩ ১৮:০২508463
  • দেওয়ালে নাতুন এশিয়ান পেন্টস
    মানে ঘরও কি কিছু বলল !
    মন দিতে শুনতে গিয়ে চাপা পড়ে গেল আমার
    বেড়ে ওঠার মানচিত্র
    বসুধারা থেকে ক্যামেলের তুলি হয়ে এই অবধি
    প্রথম শেখা ইমন আর বেহাগের যত লাল হলুদ আঁকিবুঁকি
    জানলার নীচে
    চায়ের কাপ থেকে চলকে পড়া বেজ রং-এ আঁকা
    একটা হা হা হাসির গল্প
    চেয়ারের পেছনে লিপস্টিকের লাল...সেই প্রথম পাপ
    আর খাবার টেবিলের পাশে অবয়বহীন হলুদে আমার
    অসহায় রাগ আর কান্না

    দেওয়ালে নতুন এশিয়ান পেন্ট
    মানে ঘর আপাততঃ কিছু বলছে না
    চুপ করে দেখছে নেমপ্লেট থেকে খসে পড়া
    একটা পুরনো নাম
    আর একটা নতুন শূন্যতা।
  • শ্ব | ২৭ জুলাই ২০১৩ ০২:০৪508464
  • আমার কি নেশা হয়েছে ? #৮
    ~~~~~~~~~~~~~~~~~~

    যোগাযোগ বন্ধ হলে দ্বিমাত্রিক সিঁড়ি পরে থাকে।
    যতক্ষণ যোগাযোগ
    পলকে রিফ্রেশ হয় আদিগন্ত বেডশিটভূমি,

    অবিন্যস্ত মনে হয় - এই বুঝি
    শেয়ালি বেড়ালের মত নখদর্পণে মেপে কিনে নেবে মাটি
    রাত হয় গলানো জিঙ্কের মত রাত -

    ফুটন্ত বুদ্বুদ হয়ে ডেকে বলে তবে যাই ? তবে যাই সবকিছু ছেড়ে
    গোরস্থানে গিয়ে বলি :নিরুপম মৃত্যু ছাড়া
    জীবন কখনো কারো বাসর জাগেনা।

    যোগাযোগ শুরু হলে আলম্বিত কফিনপুরাণ
    পলকে রিফ্রেশ হয় আদিগন্ত বেডশিটভূমি। ।
  • pharida | ৩০ জুলাই ২০১৩ ২৩:০১508465
  • মাঝেমধ্যে দিন কেটে যায়
    জলের কাছেও প্রশ্নচিহ্ন
    রেখে আসছি নিরুত্তরে
    তোমার খবর কোথাও অন্য –

    গাছের পাতায় খসছে সময়
    উড়ে যাচ্ছে ফিরতি হাওয়ায়
    উড়নচণ্ডী নিছক ভুলে
    গয়ংগচ্ছ সাবেক যারা
    কুঁচকিয়ে চোখ দেখছে কেমন
    একটা একটা দরজা তাতে
    শব্দ করেও যাচ্ছে খুলে।

    মাঝেমধ্যে দিনও কাটে
    তোমায় ছাড়া ছন্নছাড়া
    দুরের থেকে ঘেউ ঘেউ ডাক
    চিনতে পেরে ল্যাজ নাড়চ্ছে
    মাঝরাত্তির, নিজের পাড়া।
  • pharida | ০৫ আগস্ট ২০১৩ ২২:২২508466
  • বৃষ্টি এলে

    সবেমাত্র বৃষ্টি এল – এখন তুমি ভাবাচ্ছ খুব
    দেখতে দেখতে মুছল আলো কপাল থেকে সন্ধাবেলা
    কখন জানি বন্ধ খেলা মাঝরাস্তায়

    এখন শুধু রাস্তা জুড়ে ঠায় দাঁড়িয়ে অপেক্ষমান
    ভিজতে থাকা শহরতলীর পলেস্তরা ধুয়ে যাচ্ছে
    তড়িঘড়ি ঝাঁপ গোটাল শাপশাপান্ত করতে থাকা
    দোকান শাবক – কী আহাম্মক শব্দ করে মাথাধরা -
    দুরের থেকে চিনতে পেরে আঁকড়ে ধরে।

    অনেক অনেক জল জমেছে, দেখছ তুমি
    ভাবাচ্ছ হায় জলের ফোঁটা গলায় জামায়
    বটতলাতে গলছে একলা শনিঠাকুর
    সেও কি জানে হাতের মুঠো আলগা হলে কুচিন্তা হয়?
  • sosen | ০৮ আগস্ট ২০১৩ ১০:৫৪508467
  • একটুখানিই কাঁচ-কাহনের গল্প ছিল
    এখন
    দিনের মধ্যে অনেকটা দিন বলয় হয়ে
    কব্জি জুড়ে আনমনাতে ঘুরতে থাকে।
    গুড়ো সময়, চায়ের কাপে
    ঠান্ডা তেতো সর জমিয়ে ঘূর্ণি টানে
    শেষের পাতে।

    এমন কি আর কথা ছিল?
    কানের কাছে
    গরম শ্বাসের ঝটকা লেগে মুহূর্তে রাত
    থমকে দাঁড়ায়। দোরগোড়াতে
    সুয্যি জেগে, লাজুকমত অপেক্ষামুখ।
    কপাল থেকে ঘুম সরালে
    কেমন
    অবাক লাগে। দ্বিপ্রহরের রাগরাগিনী
    সিঁদুর হয়ে গড়িয়ে যায় ভুরুর নিচে।

    শীত আসে নি। তবুও যেন দুয়োরপানে
    তাকিয়ে সেই বুড়ায় দেখি
    চেনা মাফিক
    সাদা কলার, সাদা ভুরু, রুক্ষ শরীর
    ভয়ের উঁকি।
    এমনি করেই খাঁ খাঁ বুকের
    না আসা সে দুপুর গড়ায় প্রবাসদিনে
    আবছায়াতে।
  • pharida | ০৯ আগস্ট ২০১৩ ০০:২৭508470
  • এখন ঘুম শরযোজন অতিক্রম
    ভুলছে দিক নির্বিকার মধ্যযাম
    ওই দু’চোখ বন্ধ হোক এ বিভ্রম
    যন্ত্রণার একশো আট সর্বনাম।

    তীক্ষ্ণ ঘাত বিঁধল রাত আকাঙ্খার
    ফিনকি ছোট রাস্তাঘাট ভয়তরাস
    জলকামান রক্তদাগ সাবান ক্ষার
    শব্দহীন, ও প্রাক্তন - মুখ ফেরাস।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন