
থানার বাইরে এসে সবে দু’পা ফেলেছি। এক ভদ্রলোক বললেন, আচ্ছা, একটা কথা বলব? অনেকক্ষণ ধরে দেখছি আপনি এ অঞ্চলে ঘোরাফেরা করছেন। কিছুক্ষণ আগে দেখলাম থানাতেও ঢুকলেন। কী ব্যাপার বলুন তো? বললাম, সাধে কি আর ঘুরছি মশাই, এই দেখুন, অমুক ভবনটা খুঁজতে খুঁজতে হন্যে হয়ে গেলাম, এদিকে সাড়ে এগারটায় অ্যাপিয়ারেন্স – ভদ্রলোক বললেন, অমুক ম্যাজিস্ট্রেটের এজলাশে? আসুন আমার সঙ্গে। আমি হকচকিয়ে গিয়ে বললাম, আপনি – উনি বললেন, আমি ওই অফিসেই কাজ করি। যে বাড়িটায় উনি আমাকে নিয়ে গেলেন, সেটা থানার ঠিক পেছনে। যাকে বলে পিঠোপিঠি। ... ...

কুড়ি বছরের রাজীব সইকিয়া – নিবাস রূপহি – শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক, বর্তমানে বন্ধু রীতা সইকিয়ার সঙ্গে পলাতকের জীবনযাপন করছেন। এরা দুজনে আগে বিভিন্ন জিনিষ সাপ্লাইয়ের ব্যবসা করত। এখন দুজনে বাইকে করে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন খাদ্য ও রাত্রের জন্য মাথা গোঁজার ঠাঁই ভিক্ষে করতে করতে। বাবুল বলে, “এখানের এক স্থানীয় ব্যবসায়ীর সঙ্গে পুলিশের সম্পর্ক ভালো। তার ফলে সে আমাদের কাছে খবর পৌঁছে দিতে পারে। সেই আমাদের জানায় যে বগীনদী পুলিশ ৫৩ জনের খোঁজ করছে যার মধ্যে আছে দেবো ভুঁইয়া, দীপক নেয়গ, প্রনব সইকিয়া আর রাজীব ও রীতুর সঙ্গে আমি। সেই একই লোক আমাদের জানায় যে হোমগার্ডের চাকরি দেবার কথা দিয়ে পুলিশ গ্রামগুলো থেকে ছেলে তুলছে।” এভাবে ছেলে তোলার সঙ্গে মিল আছে ছত্তিশগড়ের দান্তেওয়াড়া আর ওড়িশার কলিঙ্গনগরে যেভাবে স্পেশাল পুলিশ অফিসারস (এসপিও) নিয়োগ করা হয় তার। ... ...

দুর্যোধনকেও এই খেলা দেখাতে বসেন ধৃতরাষ্ট্র। তাঁর বক্তব্য এটা ক্ষত্রিয়দের দেখাই দরকার। যুদ্ধ, মৃত্যু, রক্তপাত এসব তার জীবনের অঙ্গ। কাজেই এ তার শিক্ষার অংশ। ধৃতরাষ্ট্র শোনেন আর্তচিৎকার আর দুর্যোধন দেখে। গান্ধারী বলতে পারেন না কথাটা ভুল। তাঁরা ক্ষত্রিয় বলেই তো শাসন করছেন! কিন্তু শাসন যখন অসহায়কে হত্যা করে, তা সে বিচার বা যুদ্ধ যে নামেই হোক, তা তিনি সহ্য করতে পারেন না। সারাজীবন এত অধর্মাচরণ দেখে এসেছেন যে আর ভাল লাগেনা তাঁর। এ খেলা কোথায় নিয়ে যেতে পারে মানুষকে তা তিনি হাড়ে-মজ্জায় বুঝেছেন। নিজের দেশের কথা মনে পরে তাঁর। এই উপমহাদেশের প্রত্যন্ত অংশে থাকা অঞ্চল।কিছুকাল অন্তরই বাইরে থেকে যাযাবর, দস্যু বা অন্য গোষ্ঠী আক্রমণ করে এসেছে। বারেবারে রাজ্য শাসন পাল্টে গেছে। কত যে মিশ্রণ হয়েছে তার শেষ নেই। আর সেই রাজ্য সুরক্ষিত রাখতে প্রতিদিনই শাসনতন্ত্র বহু বহু অধর্ম আচরণ করে চলেছে। এই দোয়াব এবং উত্তরাপথের অন্যত্র প্রচলিত ধর্মের-আচরণের সঙ্গে কোনো মিল নেই তার। এ নিয়ে কম কথাও শোনেননি তিনি, এই হস্তিনাপুরে বধূ হিসেবে আসার পর থেকে। মাঝে মাঝে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। তাঁকে করুণা করে আনা হয়েছে এখানে, একথাটা মনে করিয়ে দেওয়া হয়েছে অহরহ। ধৃতরাষ্ট্রই বেশী করেছেন। সত্যবতী তুলনায় এত নির্মম না। তাঁর ভয় নেই যে গান্ধারী হাতের বাইরে চলে যেতে পারে। কিন্তু ধৃতরাষ্ট্রের আছে বিলক্ষণ। ... ...

হ্যাঁ গল্পের মধ্যে আবার দুটো আরও ছোট গল্প। সেই যে এসিয়ান গেমসে চূণীদার ক্যাপ্টেন্সিতে সোনা জেতার কথা বললাম, সেই দলে ছিলেন মেওয়ালাল। বিশ্ব ফুটবলের ‘যাদুকর’ বলা হত স্ট্যানলি ম্যাথিউজকে, আর ভারতের যাদুকর মেওয়ালাল। মেওয়ালালের গোলেই সম্ভবতঃ সোনাটা এসেছিল। সেই মেওয়ালাল গুরুতর অসুস্থ। তিনি প্রাক্তন রেলকর্মী হিসেবে রেলের হাসপাতালে ভর্তি হতে গেছেন। ডাক্তার বলল যায়গা নেই। মেওয়াদার ছেলে বলল, একটু দেখুন না, এসিয়াডে সোনাজয়ী খেলোয়াড়ের যদি এই অবস্থা, সাধারণ কর্মীদের কী হবে? ডাক্তার বলল, তাই নাকি? সোনাজয়ী নাকি? কাল মেডেলটা সঙ্গে আনবেনতো, দেখব কি করা যায়। মেওয়াদা মারা গেলেন পরের দিন। ... ...

সংসারে উচ্চতম আদর্শ কি ব্রহ্মচর্য্য?পরাশরকে এ প্রশ্ন করেছিলেন সত্যবতী।তাঁর কৌতুহল ছিল খুব স্বাভাবিক।সাধারণভাবে এই ব্রহ্মচর্য্য নিয়ে এত কথা বলা হয়।তাহলে যাঁরা সংসারত্যাগী তাঁদের মধ্যে একাংশ কেন স্ত্রী-পুত্রাদির অভিলাষ রাখেন?অন্য অংশটা,যাঁরা দুরূহ পাহাড় বা জঙ্গলে চলে যান সাধনা করতে সেই অংশটা অতি ক্ষুদ্র।পরাশরের কাছে নানান কাহিনী শুনতে শুনতে তাঁর কৌতুহল জেগেছিল যে এত এত মহা ঋষি বা মুনি কেন সংসার করলেন? তারই সঙ্গে ধীমতি আরেকটি প্রশ্নও করেছিলেন!এই যে যাঁরা সংসার ত্যাগ সত্যি করেন,নারী সংসর্গকেও অনাচার বলে গণ্য করে এক দীর্ঘ্য সময় সাধনা করতে থাকেন বারেবারে দেখা যায় দেবরাজ তাঁদের ভয়ে ভীত,অথবা দেবকূল চূড়ামণি ব্রহ্মা বা বিষ্ণু বা মহাদেব স্বয়ং তাঁকেই বর দিয়ে সন্তুষ্ট করছেন।এই আখ্যানের মধ্যখানে থাকে দেবরাজ ইন্দ্র বা অন্যান্য দেব অপ্সরা পাঠিয়ে নারীর প্রলোভনে ভাঙতে চাইছেন তপস্যা।কেন?নারী কি শুধুই পাপ?... ... ...

সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলে যায়, শুধু মানুষের পরিচিতি ছাড়া। আমি একজন হ্যান্ডসাম তরতাজা তাগড়া যুবককে চিনতাম, তার নাম ছিল তিমির। এখনও তিমিরকে মাঝে মাঝে গড়িয়াহাটে দেখি, লোলচর্ম, পলিতকেশ, কুব্জদেহ। হাতে একটা লাঠি আর মুখে একরাশ বিরক্তি নিয়ে অনেক কষ্টে ভিড়ের মধ্যে শরীরটাকে টেনে নিয়ে যাচ্ছে। তিমির আমারই বয়সী কিন্তু বার্ধক্যের মজাই হল, সে সবদেহ কে শবদেহ একসঙ্গে বানায়না। সন্দেহ হওয়াতে একদিন তার সামনে রাস্তা আটকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, তুই কি – মানে, আপনি কি ‘তিমির’? একরাশ বিরক্তি ভরা মুখে সামান্য বাঁকা হাসি মাখিয়ে সে বলল, আমি যে তিমিরে, সে তিমিরেই... ... ...

গত কয়েকদিন ধরে আসামের উত্তর অঞ্চলের বাসিন্দারা সাক্ষী হয়ে চলেছেন রাজ্য পুলিশ এবং সিআরপিএফ এর দমননীতির। এই দমননীতি বাঁধ বিরোধী আন্দোলনকে স্তব্ধ করার জন্য। উক্ত বাঁধটি ২০০০ মেগাওয়াটের লোয়ার সুবনসিরি হাইড্রো পাওয়ার প্রজেক্ট, তৈরি হওয়ার কথা আসাম-অরুণাচল প্রদেশের বর্ডারে। মে ১১ তারিখ সন্ধ্যেবেলায় এনএইচ ৫২র কাছে ঠেকেরাগুড়ি গ্রামে এনএইচপিসি-র সঙ্গে চুক্তিবদ্ধ একটি ১১০০০ লিটার ডিজেল সমৃদ্ধ ট্যাঙ্কারের সামনের অংশে আগুন লাগিয়ে দেওয়া হয়। এটা ঘটে সুবনসিরি নদীর ব্রিজ ছাড়িয়ে একটু এগিয়ে গিয়ে। এই ব্রিজটা পড়ে আসামের লখিমপুর জেলায় আর লাগোয়া ধেমাজি জেলার ২-৩ কিমি আগে। নদী পেরোলে বাম দিকে যে পর্বতশ্রেণী দেখা যায়, সেটা পড়ে অরুণাচল প্রদেশে। ... ...

এই মুদ্রা আরেক বস্তু। কিছুকাল হল এর চল হয়েছে বাণিজ্যে। এককালের বিনিময়ের মাধ্যমের বাণিজ্য অনেক নিরাপদ হয়েছে এই মুদ্রা ব্যবস্থায়। বিশেষ করে বৈদেশিক বাণিজ্য। পথে দস্যুর হাত থেকে লুকিয়ে এই ধন গোপনে আনয়ন করা সম্ভব। তাছাড়া এই মুদ্রা ব্যবস্থার জন্য আরেকটি পদ্ধতি প্রণয়ন বণিকদের পক্ষে সহজ হয়েছে। সে হল বিনিময়ের প্রতিশ্রুতির মাধ্যম। মুদ্রা আনার ঝুঁকি না নিয়েও অনেকে অর্জিত অর্থের বিনিময়ে নিয়ে আসেন ধাতুর পাত বা চামড়ার পর্চা। সেই পর্চা বা পাত দেশে এসে নির্দিষ্ট ব্যাক্তিকে দেখালেই সেই ব্যাক্তি তার সমতুল্য অর্থ দেবেন ব্যবসায়ীকে। আর এই কাজ করার জন্য তার থেকে নেবেন কিছু অর্থ পারিশ্রমিক হিসেবে। সুধন্য একাজেও এই রাজ্যে প্রথম। এই কার্যের জন্যই তার বিভিন্ন রাজ্যে আবাস। এই যুক্তিকে আজ আর অস্বীকার করার উপায় নেই। কিন্তু দেবব্রত জানেন এ সব নয়। আসলে ক্রমশ ধনের জোর বেড়ে চলেছে সুধন্যর। সেই ধন দিয়েই সে গড়ে তুলছে তার নিজস্ব জগৎ। খুব ভাল লাগেনা দেবব্রতের। কিন্তু তাঁর করণীয়-ই বা কি! মুদ্রার প্রচলন হয়েছে তাঁর জন্মেরও আগে। প্রতি দেশের সেই মুদ্রামান নির্ধারণের জন্য রাজকোষে থাকা স্বর্ণকেই বেছে নেওয়া হয়েছে। বিগত একশো বছরে মুদ্রা ব্যবস্থা আরো সুস্থিত হয়েছে। আগে যে যেমন খুশী মুদ্রা তৈরী করতে পারত। কিন্তু এখন তা সুনির্দিষ্ট হচ্ছে ক্রমশ। ... ...

কাকতালীয় ঘটনার সঙ্গে অপহরণের কোনও আপাত সম্পর্ক নেই, তবে এই কাহিনিতে আছে। আসলে পুরো ধানাই পানাই জুড়েই কাকতালীয় ঘটনার ছড়াছড়ি। সব এখানে লেখা সম্ভব নয়, তবু কিছু তুলে দিলাম। আমার এক বন্ধু, তার নাম বাবলু, ভাল নাম বি- আচ্ছা থাক। বাবলুই চলুক। আমি নিজের বাড়িতে ফোটো ল্যাব বানানোর আগে ওর বাড়িতে ছবি প্রিন্ট করতে যেতাম। ডার্ক রুমটা ছিল ছাদের ওপর। ছবি ছাপার সঙ্গে সঙ্গে গপ্পো গুজবও চলত সমানে। ওর আসল নামটা যেমন উল্লেখ করলাম না, বাড়িটা কোথায় ছিল, সে প্রসঙ্গও এড়িয়ে যাচ্ছি সঙ্গত কারণেই। ... ...

আমি ছেলেবেলায় ক্লাস ফোর অবধি লেক ভিউ স্কুলে পড়েছি। স্কুলটা মোটেই পাতে দেওয়ার মত ছিলনা। আমার মামাবাড়ি তখন ছিল হিন্দুস্থান পার্কে, আমি তো সে বাড়িতেই মানুষ(?)।আমাদের পাশের বাড়ি ছিল বাঙ্গালবাড়ি, সে বাড়ির ছেলে মেয়েরা ছিল, মীরা, ইরা, গোপাল, বুড়ি। এরা পিওর বাঙাল ভাষায় কথা বলত। একদিন মীরাকে ডেকে বাবা জিজ্ঞেস করল, অ্যাই তুই কোন ইস্কুলে পড়িস রে? মীরা বলল, লেক ভিউ। নামটা বেশ হাই ফাই, বাবা বলল, ইস্কুলটা ভাল? মীরা বলল, হ্যাঁ, খু-উব ভাল। ওপিনিয়ন নেবার ব্যাপারে বাবা খুব লিবারাল ছিল। গয়লাকে জিজ্ঞেস করত, তুমারা দুধমে জল টল নেই হ্যায় তো? গয়লা দু কানে হাত দিয়ে বলত, রাম রাম, কি যে বোলেন –। ... ...

এ লেখার নাম, ‘ধানাই পানাই’। দু হাজার তিন সাল থেকে ডায়েরির পাতায় হিজিবিজি লিখে গেছি, প্রধানতঃ নিজেই অবসরে পড়ব বলে। ডায়েরির পাতায় লিখলেও ডায়েরির মত ক্রোনোলজি নেই। মাঝে মধ্যে তারিখের উল্লেখ থাকলেও আগের বা পরের ঘটনা উল্টে পাল্টে গেছে। আমার তখন গোটা দুয়েক বাসস্থান ছিল। একটা ফ্ল্যাট ছিল, যাতে আমার পরিবারের অন্য সদস্যরা থাকত, আর আমার পৈত্রিক বাড়িটার তখন জরাজীর্ণ দশা, সেখানে থাকতাম আমি একা। কিছুটা সময় কাটানোর তাগিদেই লিখতে শুরু করেছিলাম ধানাই পানাই। ... ...

পিতার দিকে তাকালেন বিদুর। কৃষ্ণ বর্ণের এই বিরাট পুরুষের শরীর এখনো অটুট। মুখের উপরে যে ছায়া দুলছে তা আসছে কেশভারের থেকে। জটাজুট ধারী ঋষির যে ছবি মনে আসে পিতা তেমনটি নন। বাল্যকাল থেকে বিদুর মনে করতেও পারেন না পিতা অসংবৃত থেকেছেন কবে? কেশ দীর্ঘ্য কিন্তু বিন্যস্ত এবং নিয়মিত পরিচর্য্যা হয় তার। পিতামহীর ছায়া পড়েনি ততটা যতটা লোকে বলে পিতামহের আদল দেখা যায় পিতার মধ্যে। কিন্তু সবল সুস্থ পেশীধারী এই দীর্ঘ্য পুরুষকে একদর্শনে সূরূপও বলা যাবেনা পিতামহের মত। বরং মুখমন্ডল ছোট দেহের তুলনায়। তাই এক অসমঞ্জস্য সৃষ্টি হয়েছে এবং সময় নিয়ে না দেখলে ভীষণ ভাবই প্রবল। বিশেষ করে চক্ষু। তীব্র, উজ্জ্বল এবং গাঢ় বাদামী অক্ষিতারা। এর গভীরে কি আছে তা বোঝা খুব কঠিন কাজ! খানিকক্ষণ তাকিয়ে থাকলেই চোখ সরিয়ে নিতে ইচ্ছে হয়। যেন খুব ভেতর থেকে কেউ সব দেখে নিচ্ছে। সব ক্লেদ, সব পাপ, সব লোভ দেখে নিচ্ছে। খুব স্বচ্ছ মনের মানুষ না হলে এই চোখের দিকে তাকিয়ে থাকতে কেউ পারেনা। কেউ বুঝতে পারেনা এই মানুষটার মন আসলে কী বলছে! ... ...

স্বাধীনতা স্কয়ারে ততক্ষনে নেতৃবৃন্দ এসে হাজির। আহবায়কের মাইক্রোবাসে আজকের দিনের পত্রিকাগুলো রাখা। উপস্থিত নেতৃবৃন্দ কেউ সেই পত্রিকা পড়ছেন, কেউ চা খাচ্ছেন। এর মধ্যে স্থানীয় একজন লোক আমাদের কাছাকাছি এসে কি বলে যেন হৈ চৈ করতে থাকলো। আমরা যেদিকটায় দাঁড়ানো সেদিকটায় গায়ে গায়ে লাগানো মিষ্টির দোকান, নাপিতের দোকান আর ধোপার দোকান। দোকানগুলো খোলা ছিল। সিরাজগঞ্জবাসী যারা দোকানগুলোর সামনে দাঁড়িয়ে ছিলেন তাঁরা হৈ চৈ করা লোকটিকে মাতাল বলে তাড়িয়ে দিলেন। এদিকে, আনু স্যার আমাকে দেখে নূর মোহাম্মদ ভাইকে আমার লেখা প্রকাশের কথাটা বললেন। সত্যি বলতে কি খসড়া তৈরী থেকে শুরু করে প্রকাশিত হবার আগ পর্যন্ত প্রায় প্রতিদিনই আনু স্যার আমাকে লেখাটার অগ্রগতি বিষয়ে জিজ্ঞেস করতেন। নূর মোহাম্মদ ভাই সাথে সাথে পড়ে ফেললেন লেখাটা। তারপর আমার সাথে গল্প জুড়ে দিলেন যে আমি ফুলবাড়ীর খনি বিরোধী আন্দোলনের অংশগ্রহণকারীদের কার্যকারণ বুঝতে ঐধরণের প্রত্যয় ব্যবহার করেছি কি না। কথার ফাঁকে ফাঁকে আমরা দুজনেই অন্যান্য পত্রিকাগুলোর উপর চোখ বুলাচ্ছিলাম। সিরাজগঞ্জের স্থানীয় একটি প্রত্রিকায় গতরাতের সমাবেশের খবর ছেপেছে কিন্তু ঢাকাবাসী এলিটরা যে পত্রিকাগুলো পড়েন অর্থাৎ প্রথম আলো ও ডেইলী স্টার সেগুলোতে লংমার্চের খবর আসেনি। নিউ এইজ পত্রিকার নিজস্ব প্রতিবেদক আমাদের সাথে ভ্রমন করছেন তাই নিশ্চিত হয়েই বলা যায় যে তারা লংমার্চের দৈনিক খবরাখবর ছাপাচ্ছে। কিন্তু সেই কাগজ দেখার আগেই স্বাধীনতা স্কয়ারে মিছিল শুরু হয়। ... ...

এমনই এক ঘরোয়া আড্ডার ফাঁকে আর একটি গান তাঁর গলায় শুনে চমকে উঠেছিলাম - এ যে মোর আবরণ ঘুচাতে কতক্ষণ। গানটি পরবর্তীকালে জামশেদপুরে কোন আসরেও গেয়েছিলেন। পূজাপর্যায়ের গানটি গীতবিতানে ঠাঁই পেলেও এর সুর সম্ভবত রবীন্দ্রনাথের আরো বেশ কিছু গানের মত হারিয়ে গিয়েছে কালের গর্ভে। তাই হঠাৎ জর্জদার কন্ঠে গনটি শুনে কৌতূহল জেগেছিল সুরের উৎসকে ঘিরে। হঠাৎ করে মনে হতেই পারে এ সুর রবীন্দ্রনাথের গানের চেনা চলনের সঙ্গে একেবারেই মেলে না। কিন্তু,পরমুহূর্তেই মনে পড়ে যায় রবীন্দ্রনাথের এমন কিছু গানও তো আছে যা শুনলে মনে হয় নিজের গড়ে তোলা সুরের ধ্রুপদী জাল ছিঁড়ে যেন বেরিয়ে আসতে চাইছেন নতুন এক রবীন্দ্রনাথ। এই মুহূর্তে যে গানটির কথা মনে আসছে সেটি হল "ধূসর জীবনের গোধুলিতে ক্লান্ত মলিন যেই স্মৃতি।' অনেকেই যাঁরা গানটি শুনেছেন তাঁরা স্বীকার করবেন এ এক নতুন জাতের সুর। তেমনি এক অসাধারণ গতিময়, ঝকঝকে নাটকীয় উপস্থাপনা শুনেছিলাম জর্জদার কণ্ঠে। একেবারে প্রথম স্বরোচ্চারণের সঙ্গে গানটি শ্রোতাদের মাতিয়ে দিতে পারে ... ...

এই গুরুগম্ভীর কার্যক্রমের মধ্যেই নিছক আড্ডাও জায়গা করে নিত কোন কোন সময়ে। এই রকম কোন আড্ডায় একবার প্ল্যানচেটে স্বর্গগত মানুষদের সঙ্গে যোগাযোগ স্থাপনের কথা ওঠে। পরপর বেশ কয়েকটি প্ল্যানচেটের আসর বসেছিল সে সময়ে - যে সমস্ত মৃত ব্যক্তিদের আত্মার সঙ্গে প্ল্যানচেটে যোগাযোগ করা গিয়েছিল তাঁদের মধ্যে উল্লেখ যোগ্য হলেন রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ। প্ল্যানচেটে রবীন্দ্রনাথের আত্মার সঙ্গে কথপোকথনের কালে কেউ দেবব্রত বিশ্বাসের গায়ন সম্পর্কে রবীন্দ্রানাথের আত্মার অভিমত জানতে চাইলে জবাব পাওয় গিয়েছিল যে তৎকালীন রবীন্দ্র সংগীত শিল্পীদের মধ্যে দেবব্রত বিশ্বাসই হলেন সর্বোৎকৃষ্ট গায়ক। সংবাদটি বাবা চিঠি লিখে জর্জদাকে জানালে উত্তরে জর্জদা একটি দীর্ঘ চিঠি লেখেন। চিঠিটির প্রতিলিপি তুলে দিলাম পাঠক পাঠিকাদের জন্য। ... ...

শুনেছি এই নির্মম আক্রমণের পিছনেও ছিল জর্জদারই নিজের করা কিছু অসতর্ক মন্তব্য। বিশ্বস্ত সূত্রে শোনা কথা হল সম্পাদকমশায় নাকি প্রায়শই মদ্যপ অবস্থায় গভীর রাতে বাড়ি ফিরতেন। তাঁর এই অভ্যাসের জ্বালায় ব্যতিব্যস্ত হয়ে কোন এক অনুষ্ঠানে দেখা হবার পর ভদ্রলোকের স্ত্রী নিজের মর্ম বেদনা জর্জদার কাছে পারিবারিক হিতাকাঙ্খী হিসেবে ব্যক্ত করেন। ঘটনাটি শুনে জর্জদা নাকি ভদ্রমহিলাকে পরামর্শ দিয়েছিলেন এই মর্মে যে ঘরে যে বাড়িতে যদি "ঝাড়ু' থাকে তবে তিনি যেন সেটি ব্যবহার করেন নির্দ্বিধায়। ফলও পেয়েছিলেন হাতে নাতে! তবে হাজার প্রতিকূলতা সত্ত্বেও জর্জদা আপোষ করেননি কোনদিন। রেকর্ড করা বন্ধ করেছিলেন কয়েকবছর আগেই, কিন্তু ঘনিষ্ঠজনেদের কাছে প্রত্যয়ের সঙ্গেই বলতেন এ ভাবে আমার রবীন্দ্রসংগীত রেকর্ড করা হয়ত বন্ধ করা যাবে কিন্তু আমর কণ্ঠরোধ করা যাবে না। ... ...

বেজায় ঘাবড়ে গিয়েছিলাম মায়াদির প্রস্তাবে। এমন একজন প্রথমসারির জনপ্রিয় শিল্পীর সামনে বসে তাঁকে গান শোনানোটা খুবই চাপের কাজ বলে মনে হয়েছিল। কী জানি হয়ত আমার মত এক অখ্যাত শিল্পী যশপ্রার্থী নবযুবকের গান তেমন মন দিয়ে শুনবেন না অথবা শুনলেও "বাহ, বেশ হয়েছে, অথবা কিস্যু হয়নি' জাতীয় কোন সাধারণ মন্তব্য করে দায় সারবেন। কিন্তু এমন একটা অশ্রদ্ধেয় চিন্তা মাথায় এসেছিল জর্জদাকে চিনতামনা বলেই। তাঁর সঙ্গে ঘনিষ্ঠতা হবার পর তাঁরই মুখে গল্প শুনেছিলাম ঢাকায় কোন একটি আসরে গাইতে বসে কলকাতার মোটামুটি জনপ্রিয় এক গায়িকাকে শ্রোতাদের একাংশের অসৌজন্যমূলক ব্যবহারের সম্মুখীন হতে হয়েছিল। জর্জদারও সেই আসরে গান গাইবার কথা ছিল। কিন্তু একজন শিল্পীর প্রতি দর্শক-শ্রোতাদের এ হেন দুর্ব্যবহারে ক্ষুব্ধ জর্জদা তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। আয়োজকদের বলেছিলেন যে আসরে শিল্পীদের এভাবে অপমানিত হতে হয় সে আসরে তিনি গান গাইবেন না। জর্জদার প্রতিবাদে কাজ হয়েছিল - অনুষ্ঠনের উদ্যোক্তারা সংশ্লিষ্ট গায়িকার কাছে মার্জনা চেয়ে নিয়ে কোনমতে অনুষ্ঠানটি চালাতে সক্ষম হয়েছিলেন। ... ...

বাইরে এখন নরম লাল আলো একটু একটু করে ভেসে উঠছে। রাত্রির অন্ধকার কেমন পা পা হেঁটে চলে যাচ্ছে পর্দার আড়ালে। ওই, স্তবগান শুরু হচ্ছে মন্দিরে! পুত্র ব্যাস যা ব্যাখ্যা করতে চাইছে তা তিনি জানেন। বশিষ্ঠ্য-বিশ্বামিত্র বা ব্রাহ্মণ-ক্ষত্রিয় বিরোধ আজ আর বিষয় নয়! আজ নতুন যুগের সঙ্গে নতুন সংকট এসেছে। দেবধর্ম বা বেদধর্ম নয়, ধনের ধর্মই প্রবল এখন। দোয়াবের দুই তীর ধরে যে অসংখ্য নগর গড়ে উঠেছে তাদের কেউ কেউ রাজশাসিত, কেউ কেউ গণের অধীন। সর্বত্রই এখন সামাজিক আইনের বিরোধ চলছে। যেখানে যে আইন আছে, সেখানে সেই আইনই মানুষের অসহ ঠেকছে! কী একটা বিষয় যেন তাকে সর্বত্র খোঁচা দিয়েই চলেছে। কিছুতে তার শান্তি নেই। কিছুতে স্বস্তি পেতে পারছেনা সে। বিলাসের চূড়ান্ত থেকে কৃচ্ছসাধনের শেষ সীমা অবধি গিয়েও যেন কিছুতেই হচ্ছেনা সমাধান। এ বিরোধের প্রকৃতি সত্যি পরিষ্কার নয় সত্যবতীর কাছে। তিনি আর কত বুঝবেন? কেনই বা বুঝবেন? সত্যিই তো, যার সন্তান সে এসে গেছে এবারে। সেই ঠিক করে দিক কে কী করবে? তিনি কেন আর টানবেন এই সব? এই প্রাসাদের বাইরের যে জীবন তাঁকে অমৃতের আস্বাদ একবার দিয়েছিল তারই কাছে ফেরাই উচিত। দূর থেকে ভেসে আসছে স্তব, কান পেতে শোনার চেষ্টা করলেন তিনি। গায়ত্রী, না কি অন্য কিছু? ছাই আজকাল কানেও সমস্যা। হেসে ফেললেন নিজেই। বুড়ি হয়েছ সত্যবতী, বুড়ি। চলো, এবারে তবে বাণপ্রস্থেই চল! ... ...

না, এই সব নয়। এর বাইরেও আছে আরেকটি জটিল কারণ। সেই কারণ ওই নারী। আর বিদুর নিজেও জড়িয়ে আছেন সেই কারণের সঙ্গে। ওই নারীর শরীরে রয়েছে তাঁর বীজ। সদ্য জানা গেছে সেকথা। মহারাজ পাণ্ডু জানেন কি না তা জানা হয়নি বিদুরের! মহারাজ বলেই বিদুর তাঁকে সম্বোধন করেন। একই পিতার সন্তান হলেও পাণ্ডু বা ধৃতরাষ্ট্র কেউই নিজেরাও কখনো ভোলেননি বা তাঁকেও ভুলতে দেন নি যে তিনি দাসীপুত্র। পাণ্ডু বয়সের সঙ্গে সঙ্গে রাজকুমার থেকে যুবরাজ এবং পরে মহারাজই হয়ে থেকে গেছেন তাঁর কাছে। কিন্তু পৃথার সঙ্গে তাঁর সম্পর্ক বা তাঁর বীজ পৃথার শরীরে, এ নিয়ে মহারাজের কী বা কতটা জানা তা প্রকট নয়। মহারাজের ব্যবহারের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। ... ...

পৃথা, আরেক কন্যকার নাম। রাজা কুন্তীভোজের পালিতা দত্তক কন্যা। জনসমাজে অনেককাল ধরেই পুত্রের মতই কন্যার উপযোগিতা হিসেব করে নেওয়া হয়েছে। সাধারণ সংসারে তার কাজ পুত্রসন্তান জন্ম দেওয়া বিশেষ করে। কন্যা সন্তান খুব একটা কাঙ্খিত নয়। তার বিবাহের জন্য বড্ড সমস্যা। তাছাড়া সমাজ ভরে আছে দুরাচারে। কোনো রাজশক্তিই একে পরিপূর্ণ নিয়ন্ত্রণ করতে সক্ষম নয়। কন্যা জন্মালে যে কোনো সময়ে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। জারজ সন্তানে সমাজ ভরে যাচ্ছে। কিন্তু সেই কন্যাই আবার উচ্চাকাঙ্খি পরিবারে সম্পদ হয়ে উঠতে পারে। রাজা থেকে রাজপুরুষেরা কেউই তাকে সে কাজে ব্যবহার করতে পিছপা নয়। আবার সাধারণের মধ্যেও সেই হিসেবে একাংশ বেশ দড়। রাজা কুন্তিভোজও পৃথাকে তাঁর নিজের পুত্রসন্তান জন্মানোয় বংশধারা সুনিশ্চিত হবার পরে থেকে সেই কাজেই ব্যবহার করেছিলেন। মুনি-ঋষি থেকে অন্য রাজন্য বন্ধুরা পৃথার সেবায় সন্তুষ্ট হতেন। সেই সেবার পরে তাঁদের সঙ্গে কুন্তিভোজের সম্পর্ক উন্নতই হত। যদুবংশের যা দশা ছিল তাতে এই সামাজিক এবং রাজনৈতিক সম্পর্ক ছাড়া কিছুতেই সম্ভব ছিলনা নিজেকে টিকিয়ে রাখা। কংসের দাপটে ক্রমে ক্রমে অন্ধক, বৃষ?ণি সকলেই ঢাকা পরে যাচ্ছিল। কংসের পিছনে ছিল জরাসন্ধের সবল হাতের আশীর্বাদ। জরাসন্ধের জামাতা সে। কুন্তিভোজ যদি নিজেকে নিরাপদ রাখতে অক্ষম হতেন এই সম্পর্কের সুতোগুলো দিয়ে তাহলে তাঁর দশাও যে কালে মহারাজ উগ্রসেনের মত হত না কে বলতে পারে? কাজেই অন্দরমহলে কুন্তির গুরুত্ব প্রভূত ছিল। ... ...