এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • বসন্তের গান

    ranjan roy
    গান | ১৫ জানুয়ারি ২০১০ | ৩৮৮৮৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Nina | ২৫ এপ্রিল ২০১১ ১৯:১৬436833
  • উফ! এই ক্ষুদে কবিটা কি অসা ! কালেদিনে কবিগুরু হয়ে উঠবে -----কচিকবি তোমারে কুর্নিশ!!
  • kahiptaashaa | ২৮ এপ্রিল ২০১১ ২৩:৪৩436834
  • উড়ছে ছাই
    আর লাল হলুদ
    পাতা বৃষ্টি ফুল
    কাঁচে ছিটকে যায়
    জল বাদলা দিন
    হাওয়া এক আকাশ
    ধুলো, শান্ত ঘাস
    নদী পাখির চোখ
    গোল জানলা স্থির
    বড় ব্যাস্ত এই
    সহযাত্রীহীন
    রেল পিছলপথ
    খুব উৎসবে
    রোজ আলগোছে
    একা অস্তরাগ
    শুধু কাঁচের ঘর
    শুধু ধূলোর ঝড়
    দূরে গ্রীষ্ম দিন
    ভীড় রাস্তা পথ
    ফাঁকা গড়ের মাঠ
    ঐ কলকাতা
  • sayan | ৩০ এপ্রিল ২০১১ ০০:১৩436835
  • এরপরে আর এক মোড় ঘুরলেই এসে যাবে সদাজাগ্রত বসন্তের বাহার
    নিলাজ রঙ বর্ণান্ধের কপাল জুড়ে বিজয়টীকা লাগাবে অপ্রেম এবং পরাজয়ে পুনর্বার
    আমাদের যতেক জলছাপ কুয়োতলা, কালবৈশাখ, স্রোতস্বিনীর ধার
    সেসব সমেত নিয়ে চলো এবারের মত কোনও দূর কানুধেনুময় উঠান

    তোমাদের পুতুলখেলার বেলা আমাদের কাদামাখা মাঠ ঘাট পার হয়ে
    নীলকুঠীর গীর্জা, সূর্যের অলিখিত তোরণ আরও নানা আউট-অফ-সিলেবাস বিষয়ে
    রূদ্ধশ্বাস সাঁই-সাঁই সাইকেল উপেক্ষাদৃষ্টিভরা তোমাদেরই বারান্দায়
    নজর কেড়ে যেত আমি গুণিতক তুমি'র যেকোনও মায়াময় কম্বিনেশন

    ছাপোষা ছেলেবেলায় যখন অত্যাচার মনে হত তোমাদের হারমোনিয়াম
    গলা সাধা আর আমাদের গলাবাজি "এই, চিঠিটা কবে নিবি'র অনুনয় বিনয় অবিরাম
    তোমাদের রকমারি চন্দ্রাতপে ছায়া-খোঁজা সদ্য গলা-ভাঙার দল বেশরম
    নাহয় সেরকম কোনও একদিন খুঁটি বেঁধে গলায় পরিয়ে দিতে জোয়াল

    প্রাত্যহিক টিউশানি মোহল্লায় উল্টো-পা আলেয়া হাঁটত বিন-বুলায়ে মেহমান
    কত ভাজা বাদাম প্রত্যাখ্যাত মাথা খুঁড়ে মরে গরম প্যাকেট সমেতই দিয়েছে বলিদান
    তোমাদের শুধু হা-হা হি-হি আর টিভিতে জটলা সিন্থেটিক শারুক খান
    কত কাঠখড়ই না পুড়িয়ে বুম্বা জেনেছিলো সহেলীর প্রেম শুধু নোটের কামাল

    পাতা ঝিরঝির স্বপ্ননিবীড় যদি নাই যেতে আর নাই হত ছোটোখাটো ভুল
    আদরের কাঁটাগাছ ভেদ করে দিলদরিয়া ডুবকি দিত আমাদের ছোটপ্রাণ নিষিদ্ধ অশ্রুজল
    সেসব, জানো সুখপাখী, আর কোনওদিনও ভুলভ্রান্তিতেও হবে না সফল
    এখন তুলোর মত রিমুভার দিলে চুপচাপ উঠে যায় নেলপালিশ হৃদয়

    সন্ধ্যে হলে পুট পুট আলো জ্বলে যেত বাতিস্তম্ভে, মন্দিরঘরে মায়াবি ঠিন ঠিন
    সাতচক্রে সাতপাকে সাতসমুদ্দুরে ফেরতা নিয়ে পৃথিবী যেদিন ভাষা এবং অবয়বহীন
    তোমরা শোনো অন্যরকম সন্ধ্যেয় কুহুকলতান, পার করো একটা যান্ত্রিক দিন
    সম্যক রাগরাগিণী নির্বিশেষে প্রবাদ প্রতীম বাল্যপ্রেমে শুধু বিষ পড়ে রয়
  • kahiptaashaa | ১৬ মে ২০১১ ২১:৫৯436836
  • আমি তো মাইরী, সিরিয়াস
    খিল্লী উপহাসে ভাসে শুধু সারা
    পাড়া আর বাগিচায় বুলবুল
    ফুলশাখা, দেখেও দেখে না
    বালিকা
    ধমনীতে হেঁটে যায় কীট
    লোহিতকণিকা খায় যত্নে গড়ানো হাড় মাস
    সে ভাবে কবির মত হাব
    ভাব, কলিকালে যেন সাজে কীটস
    বালিকা হেলায় পড়ে পুঁথি
    আমি তো ধূলায় বসে থাকি
    এমন কাঙাল, ভিক্ষাপাত্র সেও তো অমিল
    ওরা ভাবে বড় অবিনয়
    বালিকার হামেশাই ভুল
    আসলে এ ভাষাহীন ভাষা
    যেরকম বলেছেন তিনি
    ধর্ম বা রাজনীতি ছাড়া,
    রাধিকে কোথায় বলো ঠাঁই?

    আসলে হৃদয়ে বড় বিষ
    আসলে মর্মে বড় পীড়া
    আসলে তিক্ত অভিমান
    চরাচর, কুয়াশায় মোড়া

    বালিকা মেতেছে উৎসবে
    আমার ধমনী দিয়ে কীট
    ঈর্ষাবিষ ঢেলে দিয়ে যায়
    সে ভাবে খিল্লী উপহাস
  • kahiptaashaa | ১৭ মে ২০১১ ০০:৩৩436837
  • ঘোরলাগা দিনগুলি,
    যখন রৌদ্র থাকেনা
    ঘাসে ঘাসে জমে থাকে জল
    মনে হয় এমন কথা বলি
    সকলে যা বোঝে
    ঘাসে ঘাসে জমে থাকে জল
    আমাদের মলিন স্বদেশে
    চায়ের দোকানে গুটিশুটি
    আমাদের মধুর স্বদেশে
    যেদিন রৌদ্র ওঠেনা
    যেদিন নিজের ঘুলঘুলি
    ছেড়ে ওড়েনা চড়াই
    মনে হয় চোখের আড়ালে গিয়ে বসি
    শুনে নিই সেরকম কথা
    যেরকম রোদেলা উঠোন, উষ্ণতা
    দিনমানে যখন কুয়াশা
    ঝাপসা উইন্ডশিল্ড, সব
    জলকণা চুঁয়ে যায় মুখ
    কাছে যাই, ফিরে আসি দ্রুত
    কেননা কুয়াশা থাকে ঘন
    আমাদের করুণ স্বদেশ
  • sayan | ১৭ মে ২০১১ ০১:০১436838
  • বারবার ফিরে আসি লুডোর ঘুটির মত চৌমাথার মোড়ে
    ঘুমে ডোবা বাড়িগুলো বুড়ী ছুঁয়ে আসা হিম স্মৃতি
    পিছনে তাকাতে ভয়, শব্দ ক'রে কড়া নাড়ি দোরে
    অবিকল সেই শব্দ, ইদানিং এরকমই রীতি
    বুকের ভেতরে-বাইরে নিদ্রা-জাগরণে কান পাতি
    পেছনে তাকাতে ভয় যদি দেখি তোমার ছায়াই
    বিষণ্ন গল্পের মত সমস্ত ফেরাই পথ জুড়ে
    তিন চক্ষু আলো জ্বেলে দাঁড়িয়েছে প্রতীকের মত ...

    শব-বাহকের মত রাত্রি যায় জ্যোৎস্নায় আহত
  • sayan | ১৭ মে ২০১১ ০১:১২436839
  • নিষ্ঠায় কত দূর যেতে পারি     কত দূর যাওয়া যায়
    ক্ষীণতটি পেলব নদীর তনু      বার বার ফিরে দেখি
              রম্যস্থান প্রস্রবণ গিরি
    এসব ছাপিয়ে অন্ধকারে বসে আলোকিত স্তম্ভ তার গোনা চাই
    শর্তহীন অনুরাগ হলুদবসন্ত কী শেষ হয়
    অর্বাচীন অহংকার উপার্জন আর কিছু নয়
    কুসুমজ কীট এই দেহ কত দূর একা একা চলে যেতে পারে
    বুকের নিভৃতে তবু পেয়েছি কুসুম

    এই বোধে স্বর্ণমৃগয়ার শেষে কেউ যায় গৃহে কেউ
              হারায় হাওয়ায়
    আগুনে উৎসর্গ করে সংখ্যাতথ্য গাণিতিক ফল
    স্বীকৃতি উঙ্কÄল শরীর ক্রীয়ায় যায়     প্রতিষ্ঠায় যায়
    নিকোনো উঠোনে করুণার কোনও চিহ্নই থাকে না
    বিভ্রম পর্যন্ত নেই ঝরে পড়া হলদে পাতায়

    নির্ভুল নিষ্ঠায় জেব্রাক্রসিংএ কত দূর যাওয়া যায় কত দিন যেতে পারি
  • sayan | ১৭ মে ২০১১ ০১:২০436840
  • এই স্রোতস্বীনি, অরণ্যময় এলোমেলো পালক
    এখান থেকেই বুদ্ধিভ্রষ্ট বালক
    ভোরবেলাতে কুড়িয়েছিল ফুল
    এবং কিছু অপরিমেয় ভুল।

    ঝরোকাতে অনন্য এক নারী -
       স্বপ্নের দরবারে দিলরুবা
    এইখানেতেই বিপন্ন এক যুবা
    শিখেছিল জটিল মুদ্রা, অন্ধকারের গোপন বর্ণমালা
    এবং কিছু আদ্যন্ত জ্বালা।

    এই যে চরাচর -
       ইতস্তত ছড়িয়ে আছে শান্তি এবং যুদ্ধ
    এইখানেতেই অশীতিপর বৃদ্ধ
    দাঁড়িয়েছিলেন পদ্মপাতায়, তিনদিকেতেই জল ...
    বাদবাকিটায় বুকের হলাহল।
  • sayan | ১৭ মে ২০১১ ২২:৫৬436841
  • এই কলম ধরার ডানহাত জেনে গেছে
    ব্রাহ্মণমন্ত্রের কাছে, মৃত ফুল বুকে নিয়ে
    কোনও শিশুর হাতের ছোঁয়া মুখাগ্নির কাছেই এখন
    ঊষ্ণশ্বাস যেতে হবে - ওখানে শৈশবই যায়
    কবিতার অক্ষর যায় না!
  • sayan | ১৭ মে ২০১১ ২৩:০৪436843
  • পতনপ্রবণ এই বয়সেও বুকের ভিতর বাজে মায়া
    বাজে ঘোর ঘন্টা ঘোর জলশব্দ বড় ইচ্ছে করে
    ছুঁয়ে দেখি নিজের রচনা এই প্রতিমার ভুল

    একদিন আলুথালু চুল ঐ বৃষ্টির পুকুর
    দুটি চোখ ভালোবেসেছিল কেউ কবে কবি
    চিরকাল ও রকম ভালোবাসা যায় কি পাগল
    আঙুলে হলুদ দাগ খালি দুটি পেয়ালা গুছিয়ে
    এইবার যাবে তুমি যেতে হয়

    ছড়িয়ে জ্যোৎস্নার খই পথে নিদ্রাহীন পথে কারা গেল
    আমাকে ফিরিয়ে দিয়ে অক্ষরের তন্মাত্র সিঁড়িতে
  • sayan | ১৭ মে ২০১১ ২৩:১৪436844
  • নতুন বাড়ির মত চুনকাম করা এ আকাশ
    একঝলক দেখে নিয়ে রোমগ্রন্থীতে হাহাকার
    তারই মধ্যে আমারও বিকেল নামে দ্রুত
    দেশলাই জ্বালাতে ভয় পাই
    যদি ছায়া পড়ে গাঢ় গোধূলি বেলার
    আলো অন্ধকার ঢালে অশরীরী নি:শ্বাসের তাপ
    হাওয়া নিয়ে যায় যাকে বিকেলের পথে ও বিপথে হাত ধরে
    এরকম একটি সূর্যাস্ত তখন নদীর ভিতর
    অজস্র উন্মোচিত বিশেষণ, তখন বালির কিনারে
    বয়ে যায় ধবল উপবীতের মত শীর্ণ জলরেখা
    সেই সব আয়োজন, ক্রমশ হেঁটে গেল নৈ:শব্দের দিকে

    বেড়াতে এসেছে নদী, ওঠো, তাকে স্বাগত জানাও
  • kahiptaashaa | ২১ মে ২০১১ ০২:৫৩436845
  • সায়নের কবিতা মুগ্‌ধ হয়ে পড়লাম। তাল কাটতে চাইছিলাম না।

    তা বলে কমলবনে মত্তহস্তী কি আর ফিরে আসে না? হাহাহা, অবশ্যই আসে :)

    -----------------------------

    আমি ও রাধিকা খুব বৈরী
    দ্বিভাষী দ্বিজাতি দুই পথ
    আমাদের পূবে পশ্চিমে
    অবিরত দ্বন্দ্বসমাস

    রাধিকার বাগিচায় মালি
    আমার পাথর চাপা ঘাস
    আমি ও রাধিকা সমমেরু
    দুইজনে দুদিকে সতত

    রাধিকার দখিন জানালা
    আমার গন্ডি কাটা ঘর
    আমি ও রাধিকা খুব মিল
    একই সাথে কলহ প্রখর

    রাধিকার ধুম তাতা থৈ
    আমার একাকী বাতিঘর
    শাম ঢলে বাঁকে ছোড়া আমি
    কানু বিনা গীত নাই তার
  • Tim | ০৫ জুন ২০১১ ১২:০১436846
  • কয়েকটা ছাপ আর ভিজে আঙুলের মত নীল
    কিছুটা পথের পাশে, অবসর কেটেছে যখন
    গ্রীষ্মবাতাসে উড়ো ধূলিকণা ঘন হয়ে এলে
    অধিকারবোধ মুছে ফিরবে রাধিকা তার ঘরে

    অসময়ে রাত জেগে দু:স্বপ্নের মুখ দেখা
    দিনে জেগে বুনে চলা দু:সময়ের চেনা ছবি
    জমানো আধুলি-কড়ি, চেয়ে আনা বাসনকোসন
    রাধিকার ঝুলি জুড়ে অমরাবতীর স্মৃতি রাখা

    সে যেখানে একা হাঁটে, অবকাশে বৃথাই ভ্রমণ
    সময় নিংড়ে আনা দুয়েকটা সুখ, আশাবাদ
    রাধিকার বারোমাস অনটন, অনশন, তবু
    ফিকে জ্যোৎস্নায় ভিজে খুশি হয় রাধিকাপ্রসাদ।
  • hu | ০৫ জুন ২০১১ ২২:৪৫436847
  • বাহ!
  • kahiptaashaa | ১৪ জুন ২০১১ ২২:৩২436848
  • আমাদের ভ্রূকুটি প্রগাঢ় হল
    দৃশ্যে শুধু দৃশ্যের পরত
    ইতি উতি রূপোলি মেঘেরা
    রাধিকার পদপ্রান্তে সুচারু সড়ক
    নিজেকেই বলে চলি পূণ: পূণ বর্ণ অনুক্রম
    সুচারু শব্দগুলি নিরবধি কালের মোড়কে
    ক্রমে ক্রমে সরে আসা, নিজের কিনার ঘেঁষে বসা
    ক্রমশ:ই দূরভাষ নির্বিকল্প সঙ্কোচে স্থির
    এরকম নির্বাসনে নৃত্যপর বসন্ত, শীত
    অবিরত ধূলায় শয়ান, তার লাল সাইকেল,
    নদীয়া কী তীর।
  • Nina | ১৫ জুন ২০১১ ০১:৪০436849
  • উফ!! এই তিন কবি সায়ন, টিম্ভাই আর কাহিল;-)কাহিপ্তাশা মাতিয়ে রেখেছে---দারুণ ণ ণ ণ ণ ণ
  • kahiptaashaa | ২৫ জুলাই ২০১১ ২২:৩৯436850
  • আজকাল গন্তব্যে তাড়াতাড়ি পৌঁছে যাই
    শীতাতপ মাপা আর্দ্রতা
    বুকের মধ্যে একলষেঁড়ে
    দালান বাড়ি একশোতলা
    এবং ছায়ায় মেপল পাতার গাছ
    নিখুঁত এরা বলেছে আবহাওয়া
    ভ্রান্তি বটে সুযোগসন্ধানী
    ইতস্তত ফ্যাকাশে ঝরাপাতা
    বৈদ্যুতিক হাওয়ায় তারা ম্লান
    রং জানা নেই বিলাসখানি রাগ
    কিরূপ তারে সুরে সাধেন গুণি
    এমন দেশে গ্রীষ্মকালীন হাওয়া
    বলে না লেখো, পাড়া গাঁয়ের কথা
    আমোদগেঁড়ে, কঠোর জনভুমি
    গোছানো খুব ঘাসের গালিচায়
    মেঘের নীচে রাধিকা উদাসিনী
    দালানবাড়ি, আকাশ ছুঁয়ে স্থির

    আকুল যারা বিলাসখানি টোড়ি
    অসার যারা বিষাদ বিলাসিতা
    এবং যারা মেঘের নীচে স্থির
    প্রবাস জুড়ে - আজব গালিচায়।
  • kahiptaashaa | ১৫ আগস্ট ২০১১ ০৪:৫৮436851
  • শেষরাতে ঘুম থেকে ডেকে তুলি যদি
    যদি বলি স্মৃতিবিষে ম্লান ছিল
    পথঘাট, জাহাজের খোঁজ
    দিই যদি ছোটমুখে বলি যদি এলোমেলো হাত
    কি লিখিতে কি লিখেছে
    জানি না খবর

    যদি বলি বালিকার মনে ছিল
    ভোরের আমেজ
    যদি বলি ঘাস ছিল জলে ভেজা
    শরতের মত
    যদি বলি চাই কিছু লেখার কাগজ কালি
    সাবেকি টেবিল

    যদি বলি দূরদেশে হলুদ আলোয়
    যেন ঝাউপাতা স্থির

    যদি বলি এসবই সত্যি, আর এসবই নদীর তীরে ভ্রম
    যদি বলি এমনই পদ্য হয়, এরকমই বেভুল বালিকা

    জেগে ওঠে একাকী বালিকা, যদি, অচেনা শরীরে
  • kahiptaashaa | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৩৭436852
  • নষ্ট হচ্ছে সময় তবু কষ্টমূলক আত্মরতি
    পার্শ্বপথে ঝরছে অনেক বৃত্তিমূলক শিক্ষনীয়
    সবাই যাচ্ছে বনের দিকে সিজনটাই রং রসিয়া
    বুঝছি অনেক ব্যাখ্যা এবং শিকের প্রতি বিড়ালপনা
    প্রজাপিতার পাঁচন এবং শব্দ ভেঙে ঢাক গুড়গুড়
    শব্দপোকার পাখনা ছিঁড়ে ন্যাকার মতন কোলাজকলা
    নষ্ট হচ্ছে সময় তবু ফুর্তিমূলক ছুটির মত
    বৃত্তি শেখার অবসরময় দরজা খুলে ইঁটের শহর
    নষ্ট হচ্ছে সময় এবং সময় গেছে জলের দাগে
    সময় গেছে নদীর ধারে যেমন ছিল বাঙালপনা
    শব্দ কি যায় ঘন্টি নেড়ে দুপুরবেলার ডাকপিওনে
    কষ্টকৃত দেওয়াললিখন আর কটা দিন, হয়নি সময়
  • Shibanshu | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০০:৫২436854
  • কবিতার জল ঝরছে
    অঝোরধারে
    আমি আছি এক
    অমাবস্যার পারে
    দেখতে পাইনা কোন দূর
    ধান খেতে
    জমছে নীরব অপেক্ষারত
    জল...

    আনমনা যারা
    কবিতার খোঁজে আসে
    নিঝুম মগ্ন শব্দের
    সহবাসে
    আজ নিমগ্ন সন্ধের
    অবকাশে
    ডেকে বলি তোরা
    কেমন আছিস
    বল....
  • Tim | ০৭ নভেম্বর ২০১১ ১২:১৩436855
  • নষ্ট হচ্ছে সময় যত অষ্টপ্রহর খামখেয়ালে
    রাতের গন্ধ নেশার মত, মাদলশব্দ আগুনতুফান
    নষ্ট যদি হবেই, তবে জ্বরের তোড়ে প্রলাপ ভীষণ
    রোদের শব্দ হাওয়ায় হাওয়ায়, দাঁড় টেনেছে পাঁজরঘরে।
  • Tim | ০৭ নভেম্বর ২০১১ ১২:২০436856
  • আচমকা এসে পড়া, ঘুমের মতই অশরীরী
    এতই সত্যি যেন, জেগে উঠে অপ্রস্তুত
    শিয়রে সোনার কাঠি, পরনেও জমকালো সাজ
    শ্রান্ত দুপুরে একা রাধিকার স্বপ্নচারণ।
  • dd | ০৭ নভেম্বর ২০১১ ১৩:৩৬436857
  • রাধিকা র কথা মনে হলেই ক্যামোন খাসা মিষ্টি দুষ্টু কিন্তু বুদ্ধিদীপ্ত পদ্য বেড়োয় সকলের মাউস থেকে, খ্যাল করুন।
  • aka | ০৭ নভেম্বর ২০১১ ১৫:৪৯436858
  • খাসা হইছে।
  • sayan | ০৭ নভেম্বর ২০১১ ১৫:৫৫436859
  • তিমির উঙ্কÄল।
  • kahiptaashaa | ০৮ নভেম্বর ২০১১ ০০:৩৭436860
  • এদিকে কোন জানলা নেই কিন্তু ঘোর কুয়াশা ঢাকা তীর
    পদ্যে লেখে বন্ধ দ্বার ইতস্তত বাইরে খুব ভীড়
    শব্দময় পক্ষীকূল এক শালিখ বিষাদ গেয়ে চুপ
    বালিকা তার অনর্থক গানের বই দুপুর নিয়ে স্থির

    ঢাকছে চোখ এই দিনেও শেষ ঋতুর পুরনো শোধবোধ
    কাঁচপোকার পিঠ যেমন সবুজ রং অতীতচারী মদ
    বালিকা তার মিজরাপের শব্দহীন আংটি ছোঁয়া সুর
    পর্ণমোচী গাছপালায় এখনো কিছু আটকে থাকা রোদ

    কুড়িয়ে আনা বাক্যালাপ অর্থহীন শব্দছকে গাঁথা
    বালিকা তার নষ্টদিন কষ্টকৃত গল্প নিয়ে ম্লান
    এক ঝলক রোদ পেরোয় গ্রাম শহর তীব্র শীতকথা
    ছিন্ন দিন ভিন্ন দেশ নিরর্থক ক্লিষ্ট কথকতা

    বালিকা তার দিনযাপন বৈকালিক নাস্তি নিয়ে থাক
    বন্দরের নীল জাহাজ স্পর্শ করে আশিরপদনখ
    শারদ প্রাত রোদ পোহায় বিষাদকুচি চোখধাঁধানো ওম
    বালিকা ছুঁলো যাত্রাপথ একলা তার যমুনা নদীতীর
  • kahiptaashaa | ০৯ নভেম্বর ২০১১ ২২:১৬436861
  • নিঙাড়িয়া নীল এই দুদিকে সতত টেললাইট
    ছুটেছে গাড়ির মত সমবেত শীতের চাদর
    তাহাকে পরাই এই পরিপাটি বিষাদের টুপি
    দোকানে ঘুরেছি আর ফেলে গেছি লুকানো আদর

    তখন লিখেছি যত কুয়াশা ও রঙিন লজেন্স
    নটিবয় জুতো আর শারদীয়া বিষাদের টুপি
    নদীতীরে ঝাঁপ ফেলা চুপিসাড়ে শহরের এঁটো
    নিঙাড়িয়া নীল এই নির্দায় খুব বহুরূপি

    দেরাজ বিশেষ ফাঁকা তড়িঘড়ি বিষাদের টুপি
    তুলে আনা, বালিকারা নিঙাড়িয়া নীল নীরবতা
    কাঁঠাল কাঠের পিঁড়ি, নিÖপ্রভ মেজে রাখে কুপি
    একলা যমুনানদীতীর, আর কীটলাগা দূর কলিকাতা
  • sayan | ১০ নভেম্বর ২০১১ ০১:১০436862
  • কুর্নিশ জানাই, কবি। এমন কবিতা মাঝরাতের রাস্তায় একা মনে আউড়ে ফেরা যায়।
  • Tim | ১০ নভেম্বর ২০১১ ০১:২২436863
  • একদম ক। দুরন্ত।
  • ppn | ১০ নভেম্বর ২০১১ ০১:২৭436866
  • আলোর মুকুট পরাতে পারতাম, কিন্তু না, বিষাদের টুপিই থাক মাথায়।

    দুরন্ত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন